আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে শুরুটা জঘন্য হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। এখনও পর্যন্ত একটিও ম্যাচ জেতেনি। অজিঙ্ক রাহানেদের একমাত্র পয়েন্ট এসেছে ভেস্তে যাওয়া পাঞ্জাব কিংস ম্যাচ থেকে। টেবিলের তলানিতে নাইটরা। অধিনায়ক, কোচের পাশাপাশি সমালোচিত হচ্ছে টিম ম্যানেজমেন্টও। পাঁচ ম্যাচের মধ্যে ব্যাটিং লাইন আপে একাধিক পরিবর্তন হয়েছে। চেন্নাই ম্যাচে ওয়ান ডাউনে নামেন রাহানে। নেতৃত্বের পাশাপাশি ব্যাটার হিসেবেও ব্যর্থ। গুজরাট টাইটানসের বিরুদ্ধে প্রথম বলেই শূন্যতে ফেরেন। কেকেআরের অধিনায়ক হিসেবে আর রাহানেকে চাইছেন না কৃষ্ণমাচারি শ্রীকান্ত। 

পাঁচ ম্যাচে রাহানের রান ১৫২। পাওয়ার প্লের বাইরে স্ট্রাইক রেট অত্যন্ত মন্থর। প্রাক্তন ভারতীয় তারকা মনে করেন, খুব বেশি হলে আর একটি বা দুটি সুযোগ দেওয়া উচিত রাহানেকে। ব্যর্থ হলে, তাঁকে সরিয়ে সুনীল নারিনকে অধিনায়ক করা উচিত। ওপেনিংয়েও তাঁকে চান না। রচিন রবীন্দ্রকে দিয়ে ওপেন করানোর পরামর্শ দেন ভারতের প্রাক্তনী। শ্রীকান্ত বলেন, 'আমি অজিঙ্ক রাহানেকে আরও একটা বা দুটো সুযোগ দেব। যদি ব্যর্থ হয়, মরশুমের মাঝপথে ওকে সরিয়ে সুনীল নারিনকে অধিনায়ক করব। শুধু প্রয়োজন পড়লেই রাহানেকে ব্যাট করতে পাঠানো উচিত। নয়তো শুধু অধিনায়কত্ব করুক। মিডল অর্ডারে ওর ব্যাট করা উচিত নয়। ওকে অধিনায়ক করার সিদ্ধান্ত ভুল। কিন্তু এবার কি ওকে বসানোর ঝুঁকি নেবে?' 

ফিন অ্যালেন এবং ক্যামেরুন গ্রিনকেও ছেঁটে ফেলার পরামর্শ দিলেন শ্রীকান্ত। রচিন রবীন্দ্রকে সুযোগ দেওয়ার পক্ষপাতী প্রাক্তনী। শ্রীকান্ত বলেন, 'ফিন অ্যালেন এবং ক্যামেরুন গ্রিনকে বাদ দেওয়া উচিত। রচিন রবীন্দ্র এবং মাথিশা পথিরানাকে সুযোগ দেওয়া উচিত। ওরা রাহানে এবং রচিনকে দিয়ে ওপেন করাতে পারে। তাতে দলে ভারসাম্য আসবে। এই বোলিং এবং ব্যাটিং নিয়ে ওদের কোনও সম্ভাবনা নেই। বৈভব অতিরিক্ত রান দেয়। রিঙ্কু কোনওদিন রান পায় না। শেষ ৩-৪ ওভারে যদি ৪০ রান প্রয়োজন হয়, সেটা ও করে দেবে। সেটা ছাড়া ও আর কিছু করতে পারবে না। শুধুমাত্র কার্তিক ত্যাগী ভাল করছে।' গুজরাটের বিরুদ্ধেও নাইটদের ওপেনিং অর্ডার ব্যর্থ।