আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার গুজরাট টাইট্যান্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করবে কলকাতা নাইট রাইডার্স। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজিঙ্ক রাহানে। নাইটদের দলে একটি পরিবর্তন। ফিন অ্যালেনের জায়গায় বেগুনি জার্সিতে অভিষেক হতে চলেছে টিম সেইফার্টের। ওপেন করবেন নিউজিল্যান্ডের উইকেটকিপার ব্যাটার। চার ম্যাচ হেরে চাপে নাইটরা। তাই প্রথমে ব্যাট করে গুজরাটের সামনে বড় রানের টার্গেট খাড়া করতে চায় কেকেআর। টসের পর রাহানে বলেন, 'আমরা প্রথমে ব্যাট করব। ব্যাটাররা খোলা মনে ব্যাট করতে পারবে। সবসময় পরিসংখ্যানের ওপর নির্ভর করা যায় না। পারফর্ম না করতে পারলে লোকে সমালোচনা করবেই। এটাই স্পোর্টসম্যানের জীবন। কিন্তু আমরা প্রত্যাবর্তনের বিষয়ে আশাবাদী। টি-২০ ক্রিকেটে ছোট ছোট মুহূর্ত জিততে হয়। আমরা সেটা জেতার চেষ্টা করব।'
এদিকে টসে হেরে কোনও আক্ষেপ নেই শুভমন গিলের। গুজরাটের নেতা জানান, তাঁরা প্রথমে বল করতে চেয়েছিলেন। শুভমন বলেন, 'আমরা প্রথমে বল করতাম। গরম বাড়ছে। পরের দিকে শিশিরের সম্ভাবনা আছে। আগের ম্যাচে মাঝের ওভারগুলোতে ব্যাটিং ধরাশায়ী হয়েছে। নয়তো আমরা অনায়াসে জিততে পারতাম। আমরা ধারাবাহিকতা রাখতে চাই।' গুজরাট দলে কোনও পরিবর্তন নেই। পাঁচ ম্যাচের মধ্যে চার ম্যাচে হার নাইটদের। একমাত্র বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পাঞ্জাব কিংস ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়েছে কেকেআর। তারকাখচিত ব্যাটিং লাইন আপ থাকা সত্ত্বেও সঠিক কম্বিনেশন খুঁজে পেতে ব্যর্থ নাইটরা। অজিঙ্ক রাহানের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছে।
চিপকে ফের ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয়। চেন্নাই কিংসের সামনে মুখ থুবড়ে পড়ে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে এখনও জয়ের খাতা খুলতে ব্যর্থ নাইটরা। পাঞ্জাব কিংস ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ায় এক পয়েন্ট পায় কেকেআর। চলতি আইপিএলের একমাত্র দল হিসেবে জয় অধরা অজিঙ্ক রাহানেদের। টেবিলের তলানিতে শাকরুখ খানের ফ্রাঞ্চাইজি। এই প্রথম মেগা নিলামে একাধিক তারকা বিদেশিকে নিয়েছে কেকেআর। রয়েছেন দুই বিধ্বংসী ওপেনিং ব্যাটার ফিন অ্যালেন এবং টিম সেইফার্ট। রয়েছেন আরেক কিউয়ি তারকা রচিন রবীন্দ্র। এছাড়াও আছেন ক্যামেরুন গ্রিন। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি। কিন্তু নিটফল শূন্য। তারকাখচিত ব্যাটিং লাইন আপ সত্ত্বেও, হার সেই ব্যাটিং বিপর্যয়ে। পাঁচ ম্যাচ হয়ে যাওয়া সত্ত্বেও সঠিক টিম কম্বিনেশন খুঁজতে ব্যর্থ নাইটদের টিম ম্যানেজমেন্ট। তারকাখচিত কোচিং স্টাফ। রয়েছেন শেন ওয়াটসন, ডোয়েন ব্রাভো, আন্দ্রে রাসেল, টিম সাউদি। হেড কোচ অভিষেক নায়ার। এরপরও শুরুতেই টানা চার হার।















