আজকাল ওয়েবডেস্ক: স্বস্তি ফিরল লখনউ সুপার জায়ান্টসে। বিয়ে করে দলে যোগ দিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার জস ইংলিস।
এটা ঘটনা পয়েন্ট তালিকায় সবার নিচে রয়েছে লখনউ। প্রবল চাপে থাকা ঋষভ পন্থদের আরও চাপে ফেলে দিয়েছেন ম্যাথু ব্রিৎজকে। ব্যক্তিগত কারণে লখনউ শিবির ছেড়ে দেশে ফিরে গিয়েছেন তিনি। এবারের আইপিএলে তিনি আর খেলবেন না। যদিও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগে স্বস্তির খবর রয়েছে ঋষভ পন্থদের জন্য।
ব্রিৎজকে কেন দেশে ফিরে গিয়েছেন, তা জানাননি লখনউ কর্তৃপক্ষ। শুধু জানানো হয়েছে ব্যক্তিগত কারণে চলতি আইপিএলে আর খেলতে পারবেন না তিনি। গত ২৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স ম্যাচের আগেই দেশে ফিরে গিয়েছেন ব্রিৎজকে। এবারের আইপিএলে তাঁকে অবশ্য কোনও ম্যাচেই খেলাননি পন্থরা। গত মরসুমে লখনউয়ের হয়ে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ২৭ বছরের ক্রিকেটার।
দক্ষিণ আফ্রিকার ব্রিৎজকে দেশে ফিরে গেলেও পন্থদের স্বস্তি দিয়েছেন অস্ট্রেলিয়ার জস ইংলিস। নিলামে ৮ কোটি ৬০ লাখ টাকা দিয়ে কেনা ব্যাটার অবশেষে যোগ দিয়েছেন লখনউ শিবিরে। বিয়ের জন্য এপ্রিল মাসে আইপিএল খেলতে পারেননি তিনি। প্রতিযোগিতা শুরুর আগেই লখনউ এবং আইপিএল কর্তৃপক্ষকে বিয়ের বিষয়টি জানিয়ে ছুটি নিয়ে রেখেছিলেন ইংলিস। আশা করা হচ্ছে, আগামী ৪ মে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে পারবেন অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক–ব্যাটার। গত ১৮ এপ্রিল পশ্চিম অস্ট্রেলিয়ার মার্গারেট রিভার অঞ্চলে ইংলিসের বিয়ের অনুষ্ঠান হয়েছে।
প্রসঙ্গত, গত মরশুমে পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলে ১১টি ম্যাচে ২৭৮ রান করেছিলেন ইংলিস। গত নিলামের আগে তাঁকে ছেড়ে দিয়েছিল পাঞ্জাব। নিলামে লখনউ তাঁকে কিনে নেয়।















