আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে সম্প্রতি নতুন ভূমিকায় দেখা গিয়েছে বিরাট কোহলিকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথমবারের মতো ‘ইমপ্যাক্ট সাবস্টিটিউট’ হিসেবে খেললেন তিনি। চিন্নাস্বামী স্টেডিয়ামে ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্যাট করতে নেমে ৪৯ রান করেন কোহলি।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আগের ম্যাচে গোড়ালিতে চোট পান কোহলি। সেই কারণেই লখনউ ম্যাচে তিনি ফিল্ডিং করেননি। নিজেও স্বীকার করেছেন, গত কয়েক দিন ধরে পুরোপুরি ফিট ছিলেন না এবং শারীরিকভাবে কিছুটা অসুস্থও ছিলেন।
এখন প্রশ্ন উঠছে, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পরবর্তী ম্যাচেও কি কোহলি ‘ইমপ্যাক্ট সাব’ হিসেবেই খেলবেন? ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে জশ হ্যাজলউড নিশ্চিত করেছেন, কোহলি অবশ্যই খেলবেন।
তবে মাঠে তাঁর অবদান কতটা থাকবে তা এখনও নিশ্চিত নয়। হ্যাজলউড বলেন, ‘ও অবশ্যই খেলবে, কিন্তু ফিল্ডিংয়ে কতটা অবদান রাখতে পারবে সেটাই দেখার বিষয়। ও দলে দারুণ এনার্জি নিয়ে আসে এবং আমাদের অন্যতম সেরা ফিল্ডার। আমরা চাইব ও পুরোপুরি মাঠে থাকুক। ওর স্বভাবই এমন, বসে থাকার মানুষ নয়, সবসময় ম্যাচে প্রভাব ফেলতে চায়।’
চোটের কারণে আইপিএলের শুরুর কয়েকটি ম্যাচে খেলতে পারেননি হ্যাজলউড নিজেও। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রত্যাবর্তনের ম্যাচে তেমন প্রভাব ফেলতে না পারলেও, লখনউয়ের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করে ম্যাচের সেরা হন তিনি। চার ওভারে মাত্র ২০ রান দিয়ে একটি উইকেট নেন এই অস্ট্রেলিয়ান পেসার।
চোটের সময়টা থেকে অনেক কিছু শেখার কথাও জানান হ্যাজলউড। তিনি বলেন, ‘ফিরে এসে আবার দলে অবদান রাখতে পারছি, এটা খুবই ভাল লাগছে। চোটের সময়টা থেকে অনেক কিছু শেখা যায়, বিশেষ করে রিকভারি প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া কতটা জরুরি সেটা বোঝা যায়।’ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে এই মরশুমে পঞ্চম জয় নিশ্চিত করতে নামবে আরসিবি।















