আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএলের সর্বকালের সেরা একাদশ তৈরি করলেন ইংরেজ ব্যাটার জস বাটলার। কিন্তু সেই তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কারণ আইপিএলের নিয়ম মেনে দল তৈরি করেননি বাটলার। নিয়ম অনুযায়ী প্রথম একাদশে চার বিদেশি ও সাত ভারতীয় ক্রিকেটার থাকেন। ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম আসার পর থেকে একজন অতিরিক্ত ক্রিকেটার নেওয়া যায়। কিন্তু বিদেশির সংখ্যা চারই রয়েছে। 


আইপিএলের সর্বকালের সেরা একাদশ বেছে নিয়েছেন বাটলার। ইংল্যান্ডের এই বিশ্বকাপজয়ী অধিনায়কের দলে রয়েছেন সাত বিদেশি ও চার ভারতীয়।


ভারতের দুই টি–২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব জায়গা পাননি বাটলারের দলে। নেই ছ’টি আইপিএল ট্রফির মালিক তথা সাদা বলের ক্রিকেটে অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াও। নিজেকেও রাখেননি বাটলার। 


ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার স্টুয়ার্ট ব্রডের ‘ফর দ্য লাভ অফ ক্রিকেট’ পডকাস্টে এসে নিজের দলের কথা জানিয়েছেন বাটলার। তাঁর প্রথম একাদশে ওপেনার বিরাট কোহলি ও ক্রিস গেইল। আইপিএলে সবচেয়ে বেশি রান কোহলির। গেইল যত দিন খেলেছেন, প্রচুর রান করেছেন। তাই ওপেনিংয়ে রোহিত, ওয়ার্নার, এমনকি, নিজেকেও রাখেননি বাটলার।


বাটলারের দলে তিনে আছেন সুরেশ রায়না। দীর্ঘদিন চেন্নাই সুপার কিংসে তিন নম্বরে খেলেছেন রায়না। রায়নাকে ‘মিস্টার আইপিএল’ বলে উল্লেখ করেছেন বাটলার। চার নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। দলের উইকেটরক্ষক তিনি রেখেছেন মহেন্দ্র সিং ধোনিকে।


অলরাউন্ডার হিসাবে তিন ক্যারিবিয়ানকে রেখেছেন বাটলার। তাঁরা হলেন, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। তার পরে আফগানিস্তানের রশিদ খান। বাটলারের দলে বিশেষজ্ঞ পেসার দু’জন। লাসিথ মালিঙ্গা ও জসপ্রীত বুমরা। তবে অধিনায়ক হিসাবে কারও নাম করেননি বাটলার। কোনও ইমপ্যাক্ট প্লেয়ারও তাঁর দলে নেই। 


এটা ঘটনা, বাটলারের দলে জায়গা পাওয়া চার ভারতীয় হলেন কোহলি, রায়না, ধোনি ও বুমরা। সাত বিদেশি গেইল, ডিভিলিয়ার্স, পোলার্ড, রাসেল, নারাইন, রশিদ ও মালিঙ্গা। ওয়েস্ট ইন্ডিজে চার এবং দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও শ্রীলঙ্কার এক জন করে ক্রিকেটার রয়েছেন বাটলারের দলে।