আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ। আগের বছর ছয় নম্বরে শেষ করে প্যাট কামিন্সরা। এবার প্রত্যাবর্তনের লক্ষ্য নিয়ে নামবে হায়দরাবাদ। তবে চোটের জন্য আইপিএলের প্রাথমিক পর্বে পাওয়া যাবে না কামিন্সকে। তাঁর অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব থাকবে ঈশান কিষাণের ওপর। আরসিবি ম্যাচে মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন বাঁ হাতি উইকেটকিপার ব্যাটার। সানরাইজার্স হায়দরাবাদের ইতিহাসে মাত্র ২৭ বছর ২৫৩ দিনে সর্বকনিষ্ঠ ভারতীয় অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ড করবেন ঈশান। সানরাইজার্সে সার্বিকভাবে দ্বিতীয় কনিষ্ঠ। একনম্বরে রয়েছেন কেন উইলিয়ামসন। ২০১৮ আইপিএলে ২৭ বছর ২৪৪ দিনে হায়দরাবাদের অধিনায়ক হিসেবে হাতেখড়ি হয় কিউয়ি তারকার।

ঈশান কিষাণের আগে ভারতীয়দের মধ্যে শিখর ধাওয়ান, মণীশ পাণ্ডে এবং ভুবনেশ্বর কুমার সানরাইজার্সের অধিনায়কত্ব করেন। ঈশানের ওপর পূর্ণ আস্থা রাখার কথা জানান ড্যানিয়েল ভেত্তোরি। দাবি করেন, নেতা এবং একজন আত্মবিশ্বাসী প্লেয়ার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তাই কিষাণকে বেছে নিতে ম্যানেজমেন্টের কোনও সমস্যা হয়নি। ভেত্তোরি বলেন, 'আমার মনে হয় দীর্ঘ বছর ধরে ও আইপিএল খেলছে। অনেকগুলো দলের হয়ে খেলেছে। সাফল্যও পেয়েছে। আত্মবিশ্বাসী প্লেয়ার। অনূর্ধ্ব-১৯ এবং রাজ্যে দলকে নেতৃত্ব দেয়। এবছর ওরা সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতেছে। তাই ওর আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। ওকে অধিনায়ক করার সময় এই বিষয়টি বিবেচনা করা হয়েছে। সদ্য টি-২০ বিশ্বকাপে অভিষেক শর্মার সঙ্গে কয়েকটা ম্যাচে ওপেন করেন ঈশান কিষাণ। দু'জনের মধ্যে ভাল বন্ধুত্ব রয়েছে। সানরাইজার্স ম্যানেজমেন্টের আশা, সামনে থেকে নেতৃত্ব দেবে এই জুটি। এবারের আইপিএলে আরও একটি দৃষ্টান্ত স্থাপন হতে চলেছে। প্রত্যেক আইপিএলের দল ভারতীয় অধিনায়ক দিয়ে মরশুম শুরু করবে। 

নিজের নতুন ভূমিকা নিয়ে আশাবাদী তারকা ক্রিকেটার। ঈশান কিষাণ বলেন, 'দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি খুবই খুশি। সত্যি বলতে, আমি সবকিছু খুব সহজ রাখতে চাই। খুব বেশি কিছু করার চেষ্টা করব না। আমার মনে হয়, আইপিএলে খেলা সবাই ভাল প্লেয়ার। ওরা যাতে সঠিক দিশায় এগোয়, সেটা দেখা আমার কাজ। আমার মাইন্ডসেট বদলাবে না। আশা করছি ভাল মরশুম যাবে। আমরা একসঙ্গে জয়ের লক্ষ্যে ঝাঁপাব। এই মরশুম‌ থেকে অনেক কিছু শেখার আছে। গত কয়েক বছরে আমি একটা জিনিস উপলব্ধি করেছি, একজন ক্রিকেটারকে গোটা মরশুমে মাথা ঠাণ্ডা রাখতে হবে। আমরা ম্যাচের আগে আপ্রাণ পরিশ্রম করব। মাঠে নেমে খেলাটা উপভোগ করতে চাই। ম্যাচ প্রতি এগোব।' প্রথম ম্যাচেই কোহলিদের হারিয়ে কি রেকর্ডবুকে নাম তুলতে পারবেন ঈশান কিষাণ?