আজকাল ওয়েবডেস্ক: লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ? গতবার পন্থকে অধিনায়ক করে সাফল্যের মুখ দেখেনি এলএসজি। অধিনায়ক হিসেবে ব্যর্থ তো হয়েছিলেনই, ব্যাট হাতেও ডাহা ফেল করেছিলেন। ১৩ ইনিংসে মাত্র ১৫১ রান করেছিলেন। গড় ছিল ১১.৬১। আরসিবির বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে ১১৮ অবশ্য করেছিলেন পন্থ।
এবার চোট সারিয়ে একেবারে আইপিএলে ফিরছেন পন্থ। কতটা ছন্দে আছেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। এই পরিস্থিতিতে এক্স হ্যান্ডলে লখনউ সুপার জায়ান্টস মালিক সঞ্জীব গোয়েঙ্কা লেখেন, ‘মরশুম শুরুর আগে পন্থের অধিনায়কত্ব নিয়ে নানা জল্পনা দেখেছি, আর হেসেছি। আমরা একে অপরকে অনেক দিন ধরে চিনি। ওর চরিত্র ও প্রতিশ্রুতি সম্পর্কে নিশ্চিত। ভাল একটা মরশুম কাটাও, ক্যাপ্টেন!’ অর্থাৎ দলের মালিকই যা স্পষ্ট করার তা করে দিলেন। পন্থের উপর আস্থা হারাচ্ছে না এলএসজি ম্যানেজমেন্ট।
এটা ঘটনা, ২০২২ ও ২০২৩ সালে আইপিএলের প্লে–অফে গিয়েছিল লখনউ। তবে চ্যাম্পিয়ন হতে পারেনি। আর পরের দু’বছর প্লে–অফেই যেতে পারেনি। ২৭ কোটি টাকায় গতবার পন্থকে কেনা হয়েছিল অনেক আশা নিয়ে। কিন্তু তিনি আশা পূরণে ব্যর্থ হন।
এবার বেশ ভাল দল গড়েছে লখনউ। ব্যাটিং ও বোলিংয়ে যথেষ্ট ভারসাম্য রয়েছে। তবে মহম্মদ সামি কতটা সুস্থ রয়েছেন সেটা একটা প্রশ্ন।
এদিকে, আইপিএল শুরুর একদিন আগেই চাপে পড়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জোরে বোলার নুয়ান থুসারাকে এখনও আইপিএলের জন্য নো অবজেকশন সার্টিফিকেট দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এক রিপোর্টে বলা হয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পুরো ফিটনেস না থাকলে সেই ক্রিকেটারকে বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দেবে না।
জানা গেছে, থুসারার কোনও চোট এইমুহূর্তে না থাকলেও ফিটনেস ঠিক জায়গায় নেই। আর সেকারণেই তাঁর আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সমস্যায় পড়েছে আরসিবিও। কারণ শনিবারই আইপিএলের উদ্বোধনী ম্যাচ খেলতে হবে বিরাটদের।















