আজকাল ওয়েবডেস্ক: গৌতম গম্ভীরকে ফিরিয়ে নিয়ে এসো। যে কোনও মূল্যে। কলকাতা নাইট রাইডার্সের কাছে এই আবেদন করলেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদি।
দলকে শক্তিশালী ও আগামীদিনে মজবুত করতে গম্ভীরের জুড়ি মেলা ভার। এমনটাই মনে করছেন ললিত মোদি।
এটা ঘটনা অধিনায়ক গম্ভীর কলকাতাকে দু’বার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। মেন্টর হিসেবে একবার। যে তিনবার নাইটরা আইপিএল জিতেছে, প্রতিবারই দলে ছিলেন গম্ভীর। কখনও ক্রিকেটার তো কখনও সাপোর্ট স্টাফ হিসেবে।
অজিঙ্কা রাহানের অধিনায়কত্বে কলকাতা এবার খোঁড়াচ্ছে। চার ম্যাচ খেলে ফেলেছে। তিনটি হার। একটি ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে। এই অবস্থায় ভক্তরাও বলছেন, গম্ভীরকে ছাড়া গতি নেই কেকেআরের।
এই অবস্থায় ললিত মোদি বলছেন, যে কোনও মূল্যে গম্ভীরকে ফেরত আনো। এমনকী গম্ভীরকে ফেরত আনার জন্য অতিরিক্ত কিছু করার (পড়ুন টাকা) পরামর্শও দিয়েছেন মোদি।
ললিত মোদি বলছেন, ‘এটা সত্যি যে গম্ভীরই কেকেআরের জন্য সেরা লোক। তাঁকে ফিরিয়ে আনার জন্য টিম ম্যানেজমেন্টের যা যা করার দরকার সব করুক। ঠিক যেমনটা শেন ওয়ার্নের ক্ষেত্রে রাজস্থান করেছিল।’ এরপরই ললিত বলেছেন, ‘গম্ভীরের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করা হোক। গম্ভীরকে স্টক অপশন দেওয়া হোক। গম্ভীরকে দলের মুখ করে তুলুন। কেকেআরের একনম্বর স্ট্রাটেজিস্ট গম্ভীরকে করা হোক।’
এটা ঘটনা, গম্ভীর এখন টিম ইন্ডিয়ার হেড কোচ। তাঁর সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি রয়েছে ২০২৭ বিশ্বকাপ অবধি। এই সময়ের মধ্যে গম্ভীর কোনও আইপিএল দলের দায়িত্ব নিতে পারবেন না।
এদিকে, আইসিসি এবার টেস্ট চ্যাম্পিয়নশিপে দল বাড়ানোর চিন্তাভাবনা করছে। এখন খেলে ৯ দেশ। সেটা বাড়িয়ে ১২ করার চিন্তাভাবনা চলছে।
এর পাশাপাশি, ২০২৮ সালের অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের পদ্ধতিও অল্প কয়েক দিনের মধ্যে চূড়ান্ত করে ফেলতে পারেন আইসিসি কর্তারা।















