আজকাল ওয়েবডেস্ক: ভারতের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর লখনউ সুপার জায়ান্টসের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে কড়া মন্তব্য করেছেন।
লখনউয়ের টানা ব্যর্থতার পর অধিনায়ক ঋষভ পন্থকে নেতৃত্ব থেকে সরিয়ে আইডেন মার্করামকে দায়িত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।
কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের পর লখনউয়ের পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
চলতি মরশুমে ৮ ম্যাচের মধ্যে ৬টিতেই হেরেছে পন্থের দল। পয়েন্ট তালিকায় সবার শেষে এখন লখনউ।
প্লে-অফের আশা এখন অনিশ্চিত হয়ে পড়েছে লখনউয়ের। জাফর মনে করেন, এই পরিস্থিতিতে দলকে নতুন দিশা দিতে অধিনায়ক পরিবর্তন করা জরুরি।
তাঁর মতে, দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলের অধিনায়ক মার্করাম মানসিকভাবে দৃঢ় এবং চাপের মধ্যে শান্ত থেকে সিদ্ধান্ত নিতে পারেন। ব্যাটিং অর্ডারেও পরিবর্তনের প্রস্তাব দেন জাফর। তাঁর মতে, ওপেনিংয়ে মিচেল মার্শ ও মার্করামকে নামতে হবে। তিনে নামবেন নিকোলাস পুরান, এর পর চারে পন্থ। পাঁচে আয়ুষ বাদোনি, ছয়ে আবদুল সামাদ এবং সাত নম্বরে মুকুল চৌধুরীকে নামানোর পরামর্শ দেন তিনি।
পন্থ প্রসঙ্গে জাফর বলেন, ''ওকে শুধু একজন ব্যাটার হিসেবেই খেলতে দেওয়া উচিত। নেতৃত্বের চাপ না থাকলে পন্থের কাছ থেকে সেরা পারফরম্যান্স পাওয়া যায়।''
তিনি আরও বলেন, ''আমার মতে, মার্করাম ভাল চয়েস। সফলভাবে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছে এবং দলের সেরাটা বের করে আনতে সক্ষম।''
উল্লেখ্য, পন্থের আইপিএলের সেরা মরশুম ছিল ২০১৮ সালে। সেই বছর অধিনায়ক ছিলেন না পন্থ। সে বছর তিনি ৬৮৪ রান করেন প্রায় ১৭৪ স্ট্রাইক রেটে। কিন্তু চলতি মরশুমে ৮ ম্যাচে মাত্র ১৮৯ রান করেছেন। যা তাঁর পারফরম্যান্সের অবনতিই নির্দেশ করছে।
সব মিলিয়ে, লখনউয়ের খারাপ ফর্মের মধ্যে জাফরের এই প্রস্তাব নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
















