আজকাল ওয়েবডেস্ক: গতবার অল্পের জন্য স্বপ্নপূরণ হয়নি। এবার স্বপ্নপূরণ হবে। ৩১ মে কাপ হাতে তুলবেন তিনি।
আইপিএলের বল গড়ানোর আগে এমন আত্মবিশ্বাসী শোনায় পাঞ্জাব কিংসের তারকা শশাঙ্ক সিংকে।
গতবার পাঞ্জাব কিংস হার মানে আরসিবি-র কাছে। শশাঙ্ক সিংয়ের লড়াই সবার মনে থাকার কথা। সেই শশাঙ্ক সিং নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী। গতবার ট্রফি তুলতে পারেননি তো কী হয়েছে, এবার আইপিএল জিতবে পাঞ্জাব কিংসই।
শশাঙ্ক বলছেন, ''আমি জানি ৩১ মে আমরাই চিন্নাস্বামীতে খেলব এবং ট্রফি হাতে তুলব। এটা আমার অনুভূতি নয়। আমি জানি এটাই হবে। এটা আমার নিজের এবং দলের বিশ্বাস। সবাই এই ব্যাপারে নিশ্চিত। সবার মধ্যেই রয়েছে আত্মবিশ্বাস।''
গতবারের আইপিএলে পাঞ্জাবের অভিযান দুর্দান্ত ছিল। ধারাবাহিক ভাবে ভাল খেলায় পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল তারা। শশাঙ্ক বলছেন, ''আমরা প্রতিটি ম্যাচ নিয়ে ভাবছি। আমাদের উদ্দেশ্য একটাই। আর তা হল ট্রফি ঘরে তোলা। গতবার আমরা ফাইনালে পৌঁছেছিলাম। এবার আমাদের উপরে চাপ থাকবে। আমাদের উদ্দেশ্য হল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। পরে সিএসকে ও কেকেআর ম্যাচের কথা ভাবব।''
আইপিএল শুরুর আগে পাঞ্জাব কিংস নিজেদের লক্ষ্যটা পরিষ্কার করে দিল। জানিয়ে দিল এবার তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই নামছে।
















