আজকাল ওয়েবডেস্ক: ফাঁদ পেতেছিলেন রোহিত শর্মা। সেই ফাঁদে পা দিল দিল্লি ক্যাপিটালস। 

মুম্বই-দিল্লি ম্যাচে শেষ হাসি তোলা থাকল দিল্লির জন্য। সেই ম্যাচেই হিটম্যানের চাতুর্যে দিল্লি বোকা বনে যায়। 

মুম্বইয়ের ইনিংসের নবম ওভারের ঘটনা। বোলার কুলদীপ যাদব। রোহিত সুইপ করতে যান। কুলদীপের বল রোহিতের থাই প্যাডে লাগে। লোকেশ রাহুল ক্যাচটি ধরেন। তার পরেই সেই রোহিত নাটক!

হিটম্যান ভান করলেন তিনি আউট হয়ে ফিরে যাচ্ছেন। দিল্লি ক্যাপিটালস রোহিতের সেই ফাঁদে পা দিল। দিল্লি রিভিউ নিল। আর একটা রিভিউ নষ্ট করল। তখন রোহিতের খেলা করছিল শয়তানের হাসি। রিপ্লেতে দেখা যায় রোহিতের ব্যাটে বলে কোনও সংযোগই হয়নি। 

ডিআরএস নেওয়ার পরের ওভারেই রোহিত আউট হন।  ২৬ বলে ৩৫ রান করেন মুম্বই তারকা। রোহিত ফিরতে মাঠে নামেন সূর্যকুমার যাদব। তিনি এদিন মুম্বইয়ের ক্যাপ্টেন ছিলেন।

ম্যাচের মাঝামাঝি সময়ে রোহিতকে ধরা হয়। তিনি বলেন, ''কুলদীপকে আমি খুব ভাল করেই চিনি। ও ডিআরএস নিতে পছন্দ করে। যদি ৫০-৫০ থাকে, তাহলেও  কুলদীপ ডিআরএস নেয়। আমার কৌশল খেটে যায়। কিন্তু পরের ওভারেই আমি আউট হয়ে যাই। সুযোগের সদ্ব্যবহার করতে পারিনি।''

মুম্বই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬২ রান করে। দিল্লি সেই রান তাড়া করতে নেমে ১১ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয়। কিন্তু ম্যাচের ফলাফলের থেকেও বেশি চর্চা হয় রোহিতের চাতুরি নিয়ে।