আজকাল ওয়েবডেস্ক: ভারতের কিংবদন্তি অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন তাঁর প্রাক্তন সতীর্থ ঋষভ পন্থের কাছে অনুরোধ জানিয়েছেন। অশ্বিন চান, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কম রান করার পরে পন্থ যেন চাপ অনুভব না করেন। পন্থ  যেন চলতি আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে ইনিংস ওপেন করা চালিয়ে যান।

পন্থ বলেছিলেন যে  আইপিএলে তাঁর ওপেন করার সম্ভাবনা ৫০-৫০। অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, ''ঋষভ  পন্থ যেভাবে আউট হয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক। ম্যাচের পরে ও যেভাবে কথা বলেছে, তা আরও দুর্ভাগ্যজনক। পন্থকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি ওপেন করবেন কি না। পন্থ বলেন ৫০-৫০। আমি হাতজোড় করে অনুরোধ করছি, দয়া করে প্রতিটি ম্যাচে ওপেন করুক পন্থ। জাস্টিন ল্যাঙ্গার অথবা লখনউয়ের  ম্যানেজমেন্টে যাঁরা আছেন, তারা যেন পন্থকে গিয়ে বলেন, পাওয়ারপ্লেতে নির্ভয়ে খেলতে। ১৪টি ম্যাচেই ওপেনার হিসেবে খেলুক পন্থ।'' 

লখনউয়ের প্রথম ম্যাচে পন্থ  ৯ বলে মাত্র ৭ রান করে রান আউট হন। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে পন্থ পাঁচবার  ওপেন করেন। তিনি ৭১ রান করেন। 

পন্থ আউট হওয়ার পরে ক্রিজে আসেন মার্করাম।  তিনি ৮ বলে ১১ রান করে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হন। এরপর নিকোলাস পুরানের বদলে আয়ুষ বাদোনিকে আগে পাঠানো হয়। কিন্তু তিনি তিন বলে শূন্য রানে আউট হন। তারপর পুরানও বড় কিছু করতে পারেননি। 

এলএসজি-র পরবর্তী ম্যাচ সানরাইজার্সের সঙ্গে। ৫ এপ্রিল লখনউ জয়ে পিরতে চাইবে, এ কথা বলাই বাহুল্য। সানরাইজার্সের বিরুদ্ধে পন্থের রেকর্ড ভাল। তিনি এই দলের বিরুদ্ধে ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক। সানরাইজার্সের  বিরুদ্ধে পন্থ ১৮ ইনিংসে ৫৫৮ রান করেছেন। যার মধ্যে রয়েছে একটি অপরাজিত ১২৮ রানের ইনিংস।