আজকাল ওয়েবডেস্ক: ঋষভ পন্থকে লখনউ সুপার জায়ান্টসের ম্যানেজমেন্ট যে ভাবে ব্যবহার করছে, সেই প্রসঙ্গে মুখ খুলেছেন রবিচন্দ্রন অশ্বিন। পন্থের ব্যাটিং ভূমিকা নিয়ে সামনে যা দেখা যাচ্ছে, তার বাইরেও কিছু ঘটছে বলে ইঙ্গিত দেন অশ্বিন।  

প্রাক্তন ভারতীয় স্পিনার মনে করেন, পন্থকে ধারাবাহিকভাবে ওপেনিং করার সুযোগ দেওয়া উচিত, না হলে তাঁর ব্যাটিং পজিশন নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে। যা তাঁর খেলায় ঝুঁকি সৃষ্টি করতে পারে।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পন্থ ওপেন করেন মিচেল মার্শের সঙ্গে। তবে দুর্ভাগ্যবশত রান আউট হয়ে যান।  এই অপ্রত্যাশিত আউটের পরও পন্থ ইঙ্গিত দেন তাঁর ওপেন করার সম্ভাবনা পঞ্চাশ-পঞ্চাশ।  

অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ''এই সব বিবৃতি কাউকে বিভ্রান্ত করবে না, শুধু নিজেকেই বিভ্রান্ত করে দেবে। পন্থ এমন কিছু বলল তার অর্থ হল ভিতরে কিছু চলছে।  দলের ম্যানেজমেন্ট হয়তো এটা নিয়ে ওর সঙ্গে আলোচনাও করছে। আমার মনে কোনও সন্দেহ নেই এই বিষয়ে। যদি আমি সেখানে থাকতাম, ঋষভ পুরো সিজনে ওপেনিং করত। কিন্তু কথা বলার সময়ে কোনও অসঙ্গতি যেন না থাকে। আমি জানি পন্থ তিন নম্বরে নেমে সেঞ্চুরি করেছে। সেই কারণেই ওপেন করাই উচিত পন্থের।”

পন্থকে ওপেন করানোর পিছনে পরিসংখ্যানও রয়েছে।  ২৩ টি টি-টোয়েন্টি ইনিংসে পন্থের স্ট্রাইক রেট ১৫৯।  যার মধ্যে একটি সেঞ্চুরি এবং পাঁচটি পঞ্চাশ রয়েছে। এগুলোই প্রমাণ করে ওপেনিংয়ে তিনি কতটা কার্যকরী। 

পন্থ ওপেনার কিনা তা নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা। পিটারসেন বলেন, ''এলএসজির ব্যাটিং শক্তি এবং দুর্বলতা বিচার করলে আপনার কি মনে হবে ঋষভ পন্থ ওপেনার? আগের বছর যে পজিশনে ব্যাট করেছে, এবার তুলনায় নিজেকে অনেক বেশি ওপরের দিকে নিয়ে গিয়েছে। ওর মাঠে নেমে ক্রিকেট উপভোগ করা উচিত।''
ইংল্যান্ডের প্রাক্তন তারকা মনে করছেন, টপ তিনে নামলে, সেটা পন্থের ওপর অত্যধিক চাপ সৃষ্টি করবে। আগের বছর ব্যাটিং অর্ডারে নিজেকে নামিয়ে আনেন। কিন্তু এবছর আবার ওপরের দিকে নামতে চাইছেন। পিটারসেন বলেন, ''জোর করে তিন নম্বরে ব্যাট করার চেষ্টা করো না। নিজের পজিশনে ব্যাট করা উপভোগ করো। আমার মনে হয়, ওপেন করে ও নিজের ওপর অত্যধিক চাপ সৃষ্টি করছে।''