আজকাল ওয়েবডডেস্ক: ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী মাত্র ১৫ বলে হাফ সেঞ্চুরি করেন। তার পরে বৈভবকে নিয়ে চর্চা তুঙ্গে। জাতীয় দলের হয়ে তাঁর অভিষেক কবে, এ নিয়ে নানা মুণির নানা মত। মহম্মদ কাইফ ও মাইকেল ভনের মতো ব্যক্তিরা মনে করেন, বিসিসিআই-এর উচিত চলতি আইপিএল শেষ হওয়ার পরই তাঁকে জাতীয় দলে নেওয়া উচিত। তবে এই বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
নিজের ইউটিউব চ্যানেলে সূর্যবংশী সম্পর্কে অশ্বিন বলেন, জাতীয় দলে সূর্যবংশীর অভিষেক নিয়ে তাড়াহুড়ো করা উচিত নয়, কারণ তাঁর সামনে এখনও দুই দশকেরও বেশি সময় ধরে ক্রিকেট খেলার সুযোগ রয়েছে।
অশ্বিন বলেন, ''বৈভবকে এমন লক্ষ্য দেওয়া উচিত নয়। ও এখনও পুরোপুরি প্রাপ্তবয়স্ক নয়, একটা বাচ্চা ছেলে। যদি এমএস ধোনি ৪৫ বছর পর্যন্ত ক্রিকেট খেলতে পারেন, আর সূর্যবংশী যদি চল্লিশ বছর পর্যন্ত খেলে, তাহলে ওর সামনে আড়াই দশকের কেরিয়ার পড়ে আছে। এখনই ওকে চাপ দেওয়ার দরকার নেই। সময় এলে বৈভব নিজে থেকেই উঠে আসবে। ও এত ভাল যে ভারতীয় দলে একদিন না একদিন খেলবেই। কবে খেলবে? তার জন্য হয়তো একটু অপেক্ষা করতে হবে। আমরা সবসময় এত তাড়াহুড়ো করি কেন?''
সূর্যবংশী যে দলেই খেলেছেন, সেখানেই পারফর্ম করেছেন। গত বছর আইপিএলে অভিষেকের পর তিনি ১৪ বছর বয়সে এই টি-টোয়েন্টি লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ন হন। ১৫ বছরে পা দেওয়ার আগেই তিনি ভারতের অনূর্ধ্ব-১৯ ও ‘এ’ দলে একাধিক রেকর্ড গড়েন। তবুও অশ্বিন মনে করেন, তাঁর সিনিয়র দলে অভিষেক নিয়ে এখনই তাড়াহুড়ো করা উচিত নয়।
কঠিন পিচেও সূর্যবংশী এমন সব শট খেলেছেন, যা দুই দলের অন্য কোনও ব্যাটারই খেলতে পারেননি। তার ব্যাটিং দেখে অশ্বিন মুগ্ধ হয়ে যান। বৈভবকে দলে পেয়ে রাজস্থানকে এ বছর শিরোপার দাবিদার বলেও মনে করছেন অশ্বিন।
অশ্বিন আরও বলেন, ''বৈভব ৫ বছরে পা দিয়েছে, তাই ১৫ বলে ৫০ করেছে। বৈভব যেন নিজের বয়সটাই দেখাচ্ছে! কী অসাধারণ খেলোয়াড়! ওর ব্যাটের গতি কত দ্রুত! সিএসকে-র কাছে তার কোনো জবাব ছিল না। ওদের নিষ্প্রভ দেখাচ্ছিল।দাপুটে পারফরম্যান্স তুলে ধরে রাজস্থান যেন বলছে, আমাদের দিকেও তাকাও, আমরাও এই প্রতিযোগিতায় শক্তিশালী দল।''















