আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের ম্যাচ চলাকালীন নিয়মভঙ্গের অভিযোগে রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজার রোমি ভিন্দরকে ১ লক্ষ টাকা জরিমানা করল বিসিসিআই।

পাশাপাশি, আগামী দিনে যাতে এরকম ঘটনা আর না ঘটে সে কারণে তাঁকে কড়া সতর্কবার্তাও দেওয়া হয়েছে। বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-কে জানিয়েছেন, ম্যাচ চলাকালীন প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়ায় প্রোটোকল ভাঙার অভিযোগে ভিন্দরের কাছে ব্যাখ্যা চেয়েছিল বোর্ডের অ্যান্টি-করাপশন ইউনিট।

তিনি যথাযথ ব্যাখা দিতে না পারায় তাঁকে জরিমানা করা হয়েছে। গুয়াহাটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের ম্যাচে ডাগআউটে বসে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায় ভিন্দরকে।

এই ঘটনাকেই নিয়মভঙ্গ হিসেবে চিহ্নিত করে তদন্ত শুরু করে এসিইউ। জানা গিয়েছে, পরবর্তীতে ভিন্দর তাঁর শোকজের জবাবে ঘটনার প্রেক্ষাপট ব্যাখ্যা করলেও সেই ব্যাখ্যায় পুরোপুরি সন্তুষ্ট হয়নি এসিইউ।

এর পরেই শাস্তিমূলক পদক্ষেপের সুপারিশ করা হয়। বোর্ড সেই সুপারিশ মেনে ভিন্দরের বিরুদ্ধে জরিমানা ও সতর্কবার্তার সিদ্ধান্ত নিয়েছে।

আইপিএলের মধ্যে নতুন বিতর্কে জড়িয়েছে রাজস্থান রয়্যালস। রিয়ান পরাগের দলের টিম ম্যানেজার রোমি ভিন্দর এবার ব্যানের মুখে পড়তে পারেন। গুয়াহাটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায় তাঁকে, যা নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

টিভি ক্যামেরায় ধরা পড়া সেই দৃশ্য প্রথমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ফুটেজে দেখা যায়, ভিন্দরের পাশে রয়েছেন তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। ওই ম্যাচে ছয় উইকেটে জয় পায় রাজস্থান।

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক কর্তা নিশ্চিত করেছেন, ভিন্দর ‘প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া’-র নিয়ম ভেঙেছেন। এই নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।