আজকাল ওয়েবডেস্ক: শুরু হয়ে গিয়েছে আইপিএল। গ্রুপ পর্বের সব ম্যাচের সূচি ঘোষিত হয়ে গেছে। বাকি আছে প্লে–অফ ও ফাইনাল। এটা ঘটনা, এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০ ম্যাচের সূচি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্লে–অফের চারটি ম্যাচ কোথায় হবে সেই সূচি এখনও জানানো হয়নি। জানা গিয়েছে, চার ম্যাচ আয়োজনের জন্য দৌড়ে রয়েছে গত বারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম ও রানার্স পাঞ্জাব কিংসের ঘরের মাঠে নিউ চণ্ডীগড়।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে। কোথায় কোথায় প্লে–অফের ম্যাচ হবে তা নিয়ে আলোচনা করছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। এখনও কোনও মাঠ চূড়ান্ত হয়নি। তবে এই দুই মাঠই লড়াইয়ে এগিয়ে রয়েছে।
এটা ঘটনা, আইপিএলে সাধারণত গত বারের চ্যাম্পিয়ন দলের ঘরের মাঠে পরের বারের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল হয়। সেই যুক্তিতেই এবার ফাইনাল হওয়ার কথা চিন্নাস্বামীতে। তবে গত বার চ্যাম্পিয়ন হওয়ার পর চিন্নাস্বামীর বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। তার পর থেকেই চিন্নাস্বামী বোর্ডের কালো তালিকায় রয়েছে। এ বার আইপিএলের ম্যাচ আয়োজনের জন্য বোর্ডের বেশ কয়েকটি শর্ত পূরণ করতে হয়েছে কর্নাটক ক্রিকেট সংস্থা ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে।
তারপরেও আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান এবার হয়নি। বোর্ডের আশঙ্কা ছিল, উদ্বোধনী অনুষ্ঠানে বিপত্তি হতে পারে। তাই ফাইনাল সেখানে দেওয়ার আগে অনেক আলোচনা দরকার। পর পর ম্যাচ সেখানে আয়োজন করা যাবে কি না, দলগুলিকে রাখার ব্যবস্থা হবে কি না, সেগুলি দেখতে হবে। ফাইনালের আগে সমাপ্তি অনুষ্ঠান হয়। চিন্নাস্বামীতে সেটা আয়োজন করা সম্ভব হবে কি না, সে দিকেও খেয়াল রাখছে বোর্ড।
এবারের আইপিএলে বেঙ্গালুরুতে পাঁচটি ম্যাচ খেলবে বেঙ্গালুরু। বাকি দু’টি হোম ম্যাচ রায়পুরে খেলবেন বিরাট কোহলিরা। অন্যদিকে পাঞ্জাব কিংস তাদের চারটি হোম ম্যাচ খেলবে নিউ চণ্ডীগড়ে। শেষ তিনটি হোম ম্যাচ ধর্মশালায় খেলবেন শ্রেয়স আয়াররা।















