আজকাল ওয়েবডেস্ক: বৈভব সূর্যবংশীর জাদুতে মজেছে ওয়াঘার ওপারও। আইপিএলে রাজস্থান রয়্যালসের তারকা ব্যাটারের ঝোড়ো ইনিংস দেখার পরে প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার কামরান আকমল বড় মন্তব্য করেছেন সূর্যবংশী সম্পর্কে। প্রাক্তন পাক তারকা মনে করেন, তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশী আন্তর্জাতিক ক্রিকেটে ছাপ রাখার জন্য প্রস্তুত। চলতি আইপিএল শেষ হলেই ভারতীয় দলে ডাক পেতে পারেন ১৫ বছরের কিশোর প্রতিভা।
দুর্দান্ত ছন্দে রয়েছেন সুর্যবংশী। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে আইপিএল ইতিহাসে দ্রুততম শতরান করেন। টুর্নামেন্টের দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরিও বৈভবেরই।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৫ বলে হাফ সেঞ্চুরি করেন। আকমল বলেন, লক্ষ্য কম হওয়ায় বৈভবের ইনিংসটি আরও বেশি প্রশংসনীয়।
ইউটিউবে কামরান আকমল বলেন, ''মাত্র ৮টি আইপিএল ম্যাচেই সূর্যবংশী রেকর্ড গড়েছে। ইতিমধ্যেই শতরান করেছে। আমার মনে হয়, আইপিএল শেষ হলে ভারতের আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোতে সুযোগ পাবে সূর্যবংশী। টি-টোয়েন্টি দলে তরুণ খেলোয়াড় হিসেবে জায়গা করে নেবে। প্রতিটি ক্ষেত্রে নিজেকে প্রমাণ করেছে বৈভব। এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে অবশ্যই জাতীয় দলে সুযোগ পাবে বৈভব।''
১৫ বছর বয়সী বৈভবের প্রশংসা করে আকমল বলেন, ''ওর উপস্থিত বুদ্ধি, ম্যাচ পরিস্থিতি বোঝার ক্ষমতা এবং খেলার ধরন, এত অল্প বয়সে বৈভব কিন্তু নজর কেড়ে নিয়েছে। আমরা বৈভবের পারফরম্যান্স নিয়ে বেশি আলোচনা করছি কারণ ম্যাচটি ছিল খুবই কম স্কোরের।''
আকমল আরও বলেন, সূর্যবংশীর এই সাফল্যের পিছনে ওর পরিবারের বড় ভূমিকা রয়েছে। আকমল আশঙ্কার কথাও শুনিয়েছেন, তিনি বলেছেন, ''আমি ভয় পাচ্ছি, যখন ওর বয়স ২৫ হবে, তখন বোলাররা বুঝতেই পারবে না কীভাবে বৈভবকে সামলাতে হবে।''















