আজকাল ওয়েবডেস্ক: ব্যাট হাতে তিনি নজর কেড়েছেন। কলকাতা নাইট রাইডার্সের বড় রানের পিছনে বড় অবদান রয়েছে তাঁর। তিনি নাইট অধিনায়ক অজিঙ্কে রাহানে। সেই রাহানে যখন চোটের লাল চোখ দেখে মাঠ ছাড়ার উপক্রম করছেন, তখন রোহিত শর্মা কেকেআর ক্যাপ্টেনকে দেখে নাচতে শুরু করে দিলেন।
রাহানেকে দীর্ঘদিন ধরে চেনেন রোহিত। একসঙ্গে খেলেছেন। রাহানের সঙ্গে মজা করলেন রোহিত। যা খেলার মাঠে হয়েই থাকে। রবিবার ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্স সব হিসেব বদলে দিয়েছে।
২২০ রান তাড়া করে মুম্বই ইন্ডিয়ান্স আগে কখনও জেতেনি। এর আগে ২১৯ রান তাড়া করে জিতেছে মুম্বই। রবিবাসরীয় সন্ধ্যায় ওয়াংখেড়েতে মুম্বই সব রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিল। সেই সঙ্গে ইতিহাসের চাকাও ঘোরাল মুম্বই।
২০১২ সালের পর টানা ১৩টি মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে জয়ের মুখ দেখেনি মুম্বই। এদিন সেই অদৃষ্ট বদলাল মুম্বই ইন্ডিয়ান্স। ১৩ বছর পরে আইপিএলের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিল মুম্বই।
মুম্বই-কলকাতা ম্যাচ চলাকালীন, নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে ক্র্যাম্পের কারণে মুম্বইয়ের ইনিংসের চতুর্থ ওভারের শেষে মাঠ ছাড়েন।
সেই সময়ে রাহানের পরিবর্তে কেকেআর-কে নেতৃত্ব দেন রিঙ্কু সিং। রাহানে মাঠ ছাড়ার সময়ে দেখা যায় রোহিত মজার ছলে নাইট অধিনায়কের সামনে নাচতে শুরু করেছেন। কেকেআরের ফিজিও এবং রোহিতের ওপেনিং পার্টনার রায়ান রিকেলটনও এই দৃশ্য দেখে হেসে ফেলেন।
Rohit teasing Rahane for his cramps 😭 pic.twitter.com/rXriistHId
— ƿ🪷 (@DuddWiser)Tweet by @DuddWiser
রোহিত মাত্র ২৩ বলে পঞ্চাশ করেন। আইপিএল কেরিয়ারে এটাই হিটম্যানের দ্রুততম পঞ্চাশ।
রোহিত শেষ পর্যন্ত ৩৮ বলে ৭৮ রান করেন। অনুকূল রায় দুর্দান্ত ক্যাচ নিয়ে রোহিতকে ডাগ আউটে ফেরান। নইলে হিটম্যান হয়তো সেঞ্চুরি করে ফেলতেন।
রাহানের চোট কতটা? ম্যাচের পরে নাইট অধিনায়ক জানান, তাঁর চোট গুরুতর নয়। পরের ম্যাচে তিনি নামতে পারবেন। বৃহস্পতিবার কেকেআর ঘরের মাঠে খেলতে নামবে ঈশান কিষানের দল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে।















