আজকাল ওয়েবডেস্ক: রাজস্থানের বিরুদ্ধে কি হার্দিক পাণ্ডিয়া খেলবেন? মুম্বই ইন্ডিয়ান্সের কোচ পরস মামরে পাণ্ডিয়া সম্পর্কে আপডেট দিয়েছেন। পাণ্ডিয়া পুরোদস্তুর সুস্থ। মঙ্গলবার গুয়াহাটিতে রাজস্থানের বিরুদ্ধে খেলতে প্রস্তুত পাণ্ডিয়া। অসুস্থতার কারণে পাণ্ডিয়া দিল্লি ম্যাচে খেলতে পারেননি।
পাণ্ডিয়া না খেলায় শেষ ম্যাচে মুম্বইয়ের দলে কিছু পরিবর্তন করতে হয়েছিল।
অলরাউন্ডার হিসেবে করবিন বশ সুযোগ পান। দিল্লির কাছে হার মানে মুম্বই। সমীর রিজভি দুর্দান্ত ৯০ রান করে দিল্লিকে ম্যাচ জেতান। মামরে বলেন, ''বুমরাহ খেলবে। গতকাল আমরা কয়েক ঘণ্টার ভালো নেট সেশন করেছি, বুমরাহ পুরোদস্তুর ফিট।''
তিনি আরও বলেন, ''ইনজুরির কারণে দলগত সমন্বয় বদলানো, এটা মেনে নিতেই হবে। চোট নিয়ন্ত্রণ করা যায় না। তবে আমাদের দলে যথেষ্ট খেলোয়াড় আছে, যারা পরিস্থিতি অনুযায়ী কম্বিনেশন তৈরি করতে পারে।”
রাজস্থানের বিরুদ্ধে পাণ্ডিয়ার রেকর্ডও বেশ ভাল। রাজস্থানের বিরুদ্ধে ৫০৬ রান করেন পাণ্ডিয়া। পাশাপাশি ১২টি উইকেটও নিয়েছেন তিনি। রাজস্থানের বিরুদ্ধে পাণ্ডিয়া সব সময়ে মুম্বইয়ের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।
এদিকে বৈভব বনাম বুমরাহ লড়াই দেখার অপেক্ষায় গোটা দেশ। বৈভবকে কীভাবে থামাবেন বুমরাহ? মুম্বই ইন্ডিয়ান্সের কোচ পরস মামরে অবশ্য বিষয়টিকে বড় করে দেখতে চাননি। তাঁর মতে, এই কিশোর নতুন নয়। দ্বিতীয় বছর খেলছে।
মামরে বলেন, ''প্রথমত, বৈভব নতুন নয়। এটা তার দ্বিতীয় বছর, তাই সে একেবারেই নতুন নয়।''
মামরে-র পারফরম্যান্সের প্রশংসা করতেও ভোলেননি মামরে। তিনি বলেন, ''আমরা জানি সূর্যবংশী প্রতিভাবান ক্রিকেটার। অন্যদের মতোই আমরা ওর জন্য প্রস্তুতি নেব।''
















