আজকাল ওয়েবডেস্ক: প্রথম ম্যাচেই হার লখনউ সুপার জায়ান্টসের। তার পরে দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন।
দলের হারের পরে দেখা যায় সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে দলনায়ক ঋষভ পন্থ এবং হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে মাঠে উত্তপ্ত আলোচনা চলছে। সেই ছবি ও করার ভিডিও প্রকাশ্যে চলে আসে। তবে গোয়েঙ্কা ক্যাপ্টেন পন্থের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন এবং বলেন দল ঘুরে দাঁড়াবে। এক্স হ্যান্ডলে সঞ্জীব গোয়েঙ্কা লিখেছেন,
''এটা একটা দীর্ঘ মরশুম আর এমন মুহূর্তগুলোই অর্থপূর্ণ কিছু গড়ে তোলার ইঙ্গিত দেয়। আমাদের অধিনায়ক এবং দলের উপরে আমার পূর্ণ আস্থা রয়েছে যে তারা দারুণ ভাবে ঘুরে দাঁড়াবে। একানা স্টেডিয়ামে আমাদের সমর্থকদের ধন্যবাদ—আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব। এই মরশুমে লখনউ ও আইপিএলের গল্প এখনও অনেক বাকি।''
গোয়েঙ্কার সঙ্গে পন্থ ও ল্যাঙ্গারের ছবি দেখার পরে অনেকেই বলছেন, অতীতের ছবি ফের আরেকবার মাঠে দেখা গেল। কিন্তু দলের মালিক পন্থ ও এলএসজি-র উপরে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন খুল্লমখুল্লা।
This is a long season, and moments like these are part of building something meaningful. I have full confidence in our captain and the team to respond with strength. To our fans, thank you for your support at Ekana today, we will come back stronger. The story of @LucknowIPL this… pic.twitter.com/iQvN8u4g1d
— Dr. Sanjiv Goenka (@DrSanjivGoenka)Tweet by @DrSanjivGoenka
ওপেন করতে নেমে পন্থ ব্যর্থ হন। রবিচন্দ্রন অশ্বিনের মতো প্রাক্তন তারকা পন্থকে ওপেন করতে বলছেন আইপিএলের বাকি ম্যাচগুলোয়। পন্থ বলছেন, তাঁর ওপেন করার সম্ভাবনা ফিফটি-ফিফটি। নিজের দুর্ভাগ্যজনক রান-আউট প্রসঙ্গে পন্থ বলেন, ''এটা ভুলে যাওয়াই সবচেয়ে ভাল উপায়। এটা আমার নিয়ন্ত্রণে নেই। তবে ভাবতে বসলে চাপ বাড়বে।''পন্থ আরও জানান, ব্যাটিং ভেঙে পড়ায় বাধ্য হয়ে অলরাউন্ডার শাহবাজ আহমেদকে ইমপ্যাক্ট সাব হিসেবে নামাতে হয়, যার ফলে বিশেষজ্ঞ স্পিনার দিগভেশ রাঠিকে খেলানো সম্ভব হয়নি।
নিকোলাস পুরানের আগে আয়ুষ বাদোনিকে পাঠানোর সিদ্ধান্তও তিনি সমর্থন করেন। পন্থ বলেন, ''ভাবনাটা ছিল সহজ। মিডল ওভারে আক্রমণাত্মক খেলবে, কারণ আমি ওপেন করেছি (এবং পুরান ৫ নম্বরে ব্যাট করেছে)। আমরা বাদোনির জন্য নির্দিষ্ট ভূমিকা ঠিক করে রেখেছিলাম। শুরুর উইকেট পড়ে গেলে ও তখন প্রভাব ফেলতে পারে।''
দিনের শেষে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে পন্থ ও ল্যাঙ্গারের ছবি নিয়ে চর্চা হয় বেশি।
















