আজকাল ওয়েবডেস্ক: জাতীয় দলের প্রাক্তন নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত চান মুম্বই ইন্ডিয়ান্স তারকা রোহিত শর্মা শুরুটা ভাল করুন আইপিএলে। রবিবার ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। প্রাক্তন নির্বাচক উল্লেখ করেছেন যে কেকেআরের বিরুদ্ধে রোহিত স্বচ্ছন্দ্যবোধ করেন। 

কেকেআরের বিরুদ্ধে হিটম্যান ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে গিয়েছেন। নাইটদের বিরুদ্ধে ১,০০০ রানের মাইলফলক ছাড়িয়েছেন। শ্রীকান্ত বলছেন, ''কয়েক বছর আগে কেকেআর ছিল রোহিত শর্মার কাছে হালুয়ার মতো সহজ। যেন আগামিকাল কেকেআর-এর  বোলিংকে হালুয়া খাওয়ার মতোই সহজে উড়িয়ে দেবে। কেকেআর হিটম্যানের কাছে  বাদাম হালুয়ার দল। কেকেআর সামনে এলেই রোহিত স্বচ্ছন্দ বোধ করতে শুরু করে দেয়।'' রবিবারও কি রোহিতের কাছে কেকেআর হালুয়া খাওয়ার মতো সহজ সরল প্রতিপক্ষ হবে? 

মুম্বই দারুণ ভাবে শুরু করতে জ্বলে উঠতে হবে রোহিতকে। অন্যদিকে কেকেআরের ভরসা সুনীল নারিন। যিনি আবার রোহিতের বিরুদ্ধে সফল।

কেকেআরের বিরুদ্ধে রোহিতের পরিসংখ্যানই বোঝায় কেন তাঁকে নিয়ে প্রত্যাশা এত বেশি। আইপিএল কেরিয়ারে হিটম্যান কেকেআরের বিরুদ্ধে ১২৭.৮৬ স্ট্রাইক রেটে ১,০৮৩ রান করেছেন। ৬টি পঞ্চাশ ও ১টি শতরান রয়েছে কেকেআরের বিরুদ্ধে। 

২০১৬ থেকে ২০২৩ পর্যন্ত রোহিতের স্ট্রাইক রেট ছিল প্রায় ১৩৩। ২০২৪-এ তা বেড়ে হয়েছে ১৫০। ২০২৫-এ ১৪৯.২৮, যা তার আরও আক্রমণাত্মক। মুম্বইয়ের কোচ মাহেলা জয়বর্ধনে বলেন, ''রোহিতের মধ্যে একটা পরিবর্তন এসেছে। রোহিতের সঙ্গে রয়েছে ১৮ বছরের আইপিএল অভিজ্ঞতা।'' যে রোহিত কেকেআর-কে দেখলেই জ্বলে ওঠেন, তিনি আজ কী করেন সেটাই দেখার।