আজকাল ওয়েবডেস্ক:‌ এবারের আইপিএলে বৃহস্পতিবার প্রথম ইডেনে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। দুই দলই নিজেদের প্রথম ম্যাচ হেরেছে। এই পরিস্থিতিতে দুই দলই জিততে মরিয়া থাকবে।


তবে ম্যাচে একটা সুবিধা পেতে চলেছে কেকেআর। সানরাইজার্সের বিদেশি পেসার ব্রাইডন কার্স চোটের জন্য বৃহস্পতিবার খেলতে পারবেন না। হায়দরাবাদ কোচ ড্যানিয়েল ভেট্টরি অবশ্য বলেছেন, ‘‌কার্সের হাতের চোট সারেনি এখনও। বৃহস্পতিবার শেষ মিনিট অবধি পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব। তবে খেলার সম্ভাবনা প্রায় নেই।’‌


নাইট শিবিরেও সমস্যা কম নেই। চোটের জন্য ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। মাথিসা পাথিরানাও চোটের কবলে। এই পরিস্থিতিতে দুই স্পিনার নারাইন ও বরুণই বোলিং বিভাগে সবচেয়ে বড় ভরসা। 


জানা যাচ্ছে, টি–২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড ম্যাচ যে পিচে খেলা হয়েছিল সেই পিচেই কলকাতা–হায়দরাবাদ ম্যাচ হতে পারে। সেই ম্যাচে শতরান করা ফিন অ্যালেন কেকেআর দলে রয়েছেন। পিচ থেকে কেকেআরের স্পিনারদের সাহায্য পাওয়ার সম্ভাবনা থাকছে। 


এদিকে, আবহাওয়া নিয়ে একটা চিন্তা রয়েছে। কলকাতায় গত কয়েকদিন ধরে ঝড়বৃষ্টি হয়েছে। যদিও বৃহস্পতিবার কালবৈশাখীর সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। ঝড়বৃষ্টি ইডেন ম্যাচে প্রভাব ফেলবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। 


তবে কেকেআর দলে বদলের সম্ভাবনা খুব একটা নয়। মুম্বই ম্যাচের দলই খেলত পারে। ব্যাটারদের নিয়ে অতটা চিন্তা না থাকলেও বোলিং নিয়ে চিন্তা। তার উপর বিপক্ষ দলে অভিষেক ও ঈশান কিষান রয়েছেন। যারা টি–২০ আন্তর্জাতিকে সেরা দুই ব্যাটার। 

এদিকে, টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের বিশ্রামের সময় নেই। সদ্য শেষ হয়েছে টি–২০ বিশ্বকাপ। শুরু হয়ে গিয়েছে আইপিএল। তারপরে ফের শুরু আন্তর্জাতিক ক্রিকেট। এর মধ্যেই আরও একটি টি–২০ সিরিজের ম্যাচের সূচি ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে এক মাসের মধ্যে দশটি টি–২০ ম্যাচ খেলতে হবে ভারতকে। সব মিলিয়ে এ বছর মোট ৪৯টি টি–২০ ম্যাচ খেলবে তারা। এক দিনের বিশ্বকাপের আগের বছরে এতগুলি টি–২০ ম্যাচ খেলায় অবাক সমর্থকরা। 


ভারতীয় বোর্ড জানিয়েছে, জুলাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি টি–২০ ম্যাচ খেলবে দল। এর ফলে ৩০ দিনের মধ্যে তাদের ১০টি টি–২০ ম্যাচ খেলতে হবে।