আজকাল ওয়েবডেস্ক: অজিঙ্ক রাহানের নেতৃত্বে কেকেআর এখনও পর্যন্ত জয় পায়নি। বরং নাইটদের নিয়ে চলছে সমালোচনা। ব্যাটিং পদ্ধতি ও অধিনায়কত্ব, এই দুই নিয়েই তীব্র সমালোচনার মুখে পড়েছেন রাহানে। কেকেআর এখনও জয় পায়নি। তবে একমাত্র পয়েন্ট এসেছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে।
এর আগে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারের পর রাহানে সমালোচনার জবাব দেন। নাইট অধিনায়ক বলেন, ''আমার মনে হয় ২০২৩ সালের পর থেকে আমার স্ট্রাইক রেট অন্যতম সেরা। যাঁরা আমার সমালোচনা করছেন, তাঁরা হয়তো খেলা দেখছেন না, নয়তো আমার বিরুদ্ধে তাঁদের কোনও নির্দিষ্ট উদ্দেশ্য আছে। তাঁরা আমাকে খেলতে দেখতে পছন্দ করেন না, আমাকে খেলতে দেখতে চান না।”
রাহানের এই মন্তব্য নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক বিতর্ক শুরু হয়। এরপর প্রাক্তন নিউজিল্যান্ড ক্রিকেটার সাইমন ডুল তাঁর সমর্থনে এগিয়ে এসে একটি চমকপ্রদ পরিসংখ্যান তুলে ধরেন। ডুল জানান, গত কয়েক মরশুমে রাহানের স্ট্রাইক রেট রোহিত শর্মার থেকেও ভাল এবং ঈশান কিষানের সমান।
ডুল বলেন, “গত চার বছরে ওর পরিসংখ্যান এত খারাপ নয়। প্রায় ৩০টি ম্যাচে গড়ে ৩০ করেছে এবং স্ট্রাইক রেট ১৪৮। মানুষ তাকে বাদ দেওয়ার কথা বলছে, কিন্তু গত চার বছরে রোহিতের তুলনায় এটি ভাল রেকর্ড।''
তিনি আরও বলেন, ''এটি ঈশান কিষানের সমান রেকর্ড। অথচ তাদের কাউকেই বাদ দেওয়ার কথা বলা হচ্ছে না। তাই তার হতাশা স্বাভাবিক। তবে অধিনায়কত্বের চাপও এর একটি বড় কারণ।”
২০২৪ সালে আইপিএল জেতার পর কলকাতা পরের মরশুমে খারাপ পারফরম্যান্স করে এবং আইপিএল ২০২৫-এ অষ্টম স্থানে শেষ করে।
ডুলের মতে, সেই খারাপ ফলাফল এবং ২০২৬ মরশুমে দুর্বল সূচনা, এই দুই কারণেই রাহানের উপরে সমালোচনা বেড়েছে।
ডুল বলেন, ''গত বছর অষ্টম হওয়ার পর এবং চলতি বছর খারাপ শুরু করার কারণে সমালোচনা শুরু হয়েছে। রাহানে হতাশ কারণ দল হিসেবে তারা ভালো খেলছে না। সব দোষ একা রাহানের নয়।''















