আজকাল ওয়েবডেস্ক: আইপিএল-এর শুরুটা ভাল যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের জন্য। পাঁচবারের চ্যাম্পিয়ন দল তারা। অথচ প্রথম তিন ম্যাচেই হেরে পয়েন্ট টেবিলের একেবারে নীচে সিএসকে।
একসময়ে আইপিএলের অন্যতম শক্তিশালী দল হিসেবে পরিচিত ছিল সিএসকে। সেই চেন্নাই এখন শক্তি হারিয়েছে। সিএসকে-র আইকন খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি চোটের জন্য আইপিএলের শুরু থেকে খেলতে পারছেন না। তাঁর অভাব অনুভূত হচ্ছে। সিএসকে-র বিরুদ্ধে জয়লাভ তাই সহজ থেকে সহজতর হয়ে উঠছে। সঞ্জু স্যামসনকে এবার অনেক আসা নিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু সঞ্জুও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় তীব্র সমালোচনার মুখে পড়েছেন।
সিএসকের পরপর হারের অন্যতম বড় কারণ হিসেবে উঠে এসেছে অলরাউন্ডার প্রশান্ত ভীরকে ব্যবহার করার পদ্ধতি। উত্তর প্রদেশের এই আনক্যাপড বাঁ হাতি স্পিনারকে ১৪.২ কোটি টাকায় দলে নিয়েছিল সিএসকে। অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার বিকল্প হিসেবে দেখা হচ্ছিল প্রশান্তকে।
সঞ্জু স্যামসনের বিনিময়ে রবীন্দ্র জাদেজাকে রাজস্থান রয়্যালসে ট্রেড করার পর ভীরের অন্তর্ভুক্তি দলকে ভারসাম্য দেবে বলে মনে করা হয়েছিল। তবে গায়কোয়াড় কুড়ি বছরের এই ক্রিকেটারকে বোলার হিসেবে ব্যবহারই করছেন না। তার পর থেকে উঠতে শুরু করেছে প্রশ্ন।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম ম্যাচে সুযোগ না পাওয়ার পর, ভীর দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দলে সুযোগ পান। অবাক করার মতো বিষয়, তিনি একটি ওভারও বল করেননি। আর পাঞ্জাব ২১০ রানের লক্ষ্য ৮ বল বাকি থাকতেই তাড়া করে জিতে যায়।
রবিবার, সিএসকে আবারও বড় ব্যবধানে হারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে। রজত পতিদারের নেতৃত্বাধীন আরসিবি দল সিএসকের বোলিং আক্রমণকে ছিন্নভিন্ন করে ২০ ওভারে ৩ উইকেটে ২৫০ রান তোলে। টিম ডেভিড, রজত পতিদার এবং বিরাট কোহলির আক্রমণের মুখেও গায়কোয়াড় ভীরের হাতে বল তুলে দেননি।
ভীরকে নিয়ে সিএসকের এই নীতি নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে সিএসকে ভীরের জন্য অনেক অর্থ খরচ করেছে। অথচ তাঁকে যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে না। সিএসকে-র পরিস্থিতি অনেকটা কলকাতা নাইট রাইডার্সের মতো। কেকেআর পঁচিশ কোটি টাকা খরচ করেও ক্যামেরন গ্রিনকে দিয়ে বোলিং করাচ্ছে না।
গ্রিন এখনও পর্যন্ত টুর্নামেন্টে বলই করেননি। মুম্বই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বল করেননি গ্রিন। অনেকেই বলছেন, তাঁকে ছেড়ে দিক কেকেআর।
এদিকে নাইট অধিনায়ক অজিঙ্কে রাহানে জানান, গ্রিন এখনও বল করার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে সঙ্কেত পাননি।
সিএসকের ভীরের চোট আঘাতের কোনও সমস্যা নেই। কিন্তু সিএসকে তাঁকে কেন যে ব্যবহার করছে না, তা নিয়ে অনেকেই বিস্মিত।
তবে, আইপিএল সদ্যই শুরু হয়েছে। টানা তিন ম্যাচে হারের পরে পাঁচ বারের চ্যাম্পিয়নরা নিশ্চয় হারের ময়নাতদন্ত করে নামবে পরের ম্যাচগুলোয়। পরবর্তী ম্যাচগুলোয় সিএসকে কী করে, সেটাই দেখার।
















