আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন ভারতীয় পেসার জাহির খান চেন্নাই সুপার কিংসের বর্তমান দল নিয়ে বিশ্লেষণ করছেন। তিনি মনে করেন বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর যে সমস্যা দেখা যায়, চেন্নাই সুপার কিংসও এখন ঠিক সেই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে।
জাহির আরও বলেন, এম এস ধোনির অনুপস্থিতির কারণে মাঠে যে শূন্যতা তৈরি হয়েছে, সেটি তিনি বিশেষভাবে অনুভব করছেন। ধোনির মতো ব্যক্তিত্বের না থাকা শূন্যতা তৈরি করে। সেটাই এখন হচ্ছে সিএসকেতে। আইপিএলের গত দুই মরসুমে চেন্নাই সুপার কিংস অত্যন্ত হতাশাজনক পারফরম্যান্স করেছে। চলতি মরশুমেও নিজেদের নামের প্রতি সুবিচার করেনি সিএসকে।
২০২৩ সালে ধোনির অধিনায়কত্বে শেষবার শিরোপা জিতেছে সিএসকে। তারপরে হতশ্রী পারফরম্যান্স করে চলেছে তারা।
দলের নেতৃত্ব এখন রুতুরাজ গায়কোয়াড়ের হাতে। ফর্মে থাকা খেলোয়াড়ের অভাবও সিএসকের পদস্খলনের বড় কারণ। তবে ২০২৬-এর মিনি-নিলামে দলকে আরও শক্তিশালী করার জন্য নতুনভাবে গড়ে তুলেছে সিএসকে। আইপিএলে টানা দুই ম্যাচে হারের পর প্রাক্তন ভারতীয় পেসার জাহির খান উল্লেখ করেছেন যে সিএসকে-কে আগের অবস্থায় ফিরতে কিছুটা সময় লাগবে।
তিনি আরও জোর দিয়ে বলেন, শান্ত স্বভাবের কোচ স্টিফেন ফ্লেমিংকে ডাগআউটে বেশ চাপে থাকতে দেখা গিয়েছে। জাহির বলেন, ''এই মরশুমে রুতুরাজ গায়কোয়াড়কে বড় পরীক্ষায় বসতে হবে। এমন এক ফ্র্যাঞ্চাইজিকে ও নেতৃত্ব দিচ্ছে, যারা এত সাফল্য অর্জন করেছে। ধোনির না থাকা বড় একটি কারণ। আমরা দেখছি, দলটি একটি নতুন দিকে এগোচ্ছে। তাই কিছুটা ওঠানামা থাকবেই।'' জাহির আরও বলেন, “মাঠে ধোনির উপস্থিতিটাই অন্যরকমের। ধোনি না থাকায় কোচও বেশ চিন্তিত, সেটা বোঝা গিয়েছে শেষ ম্যাচে।''
















