আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেট অস্ট্রেলিয়া অবশেষে কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানের অভিযোগের জবাব দিয়েছে। তিনি অভিযোগ করেছিলেন বোর্ড অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে বল করতে বাধা দিচ্ছে।
রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে কলকাতা নাইট রাইডার্স ছ'উইকেটে হেরে যায়। চার উইকেটে ২২০ রান করার পরে কেকেআর ম্যাচটি হেরে যায়। মুম্বই ইন্ডিয়ান্স পাঁচ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়। ম্যাচ শেষে কেকেআর অধিনায়ক রাহানেকে বেশ হতাশ দেখাচ্ছিল। কারণ তিনি ম্যাচের মধ্যে গ্রিনকে বোলিং করাতে পারেননি।
ম্যাচের শেষে রাহানে জানান, পিঠের নীচের অংশের চোট থেকে সেরে ওঠার পরও ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও গ্রিনকে পুরোপুরি বোলিংয়ের অনুমতি দেয়নি।
রাহানে বলেন, ''আশা করি, ক্যামেরন গ্রিন শীঘ্রই বোলিং শুরু করবে এবং দলের কম্বিনেশন কিছুটা বদলাবে। আমরা ব্যাটিং ভাল করেছি, কিন্তু বোলিংয়ে ভারসাম্য খুঁজে পাওয়া খুব গুরুত্বপূর্ণ। (গ্রিন কেন বল করতে পারছে না) এই প্রশ্নটা ক্রিকেট অস্ট্রেলিয়াকে করা উচিত। (ইতিবাচক দিক) আমরা ভাল ব্যাটিং করেছি এবং আমার মনে হয়েছে কার্তিক ত্যাগী ভাল বোলিং করেছে। অনেকদিন পর খেললেও ভাল পারফর্ম করেছে। ইতিবাচক দিক আছে, তবে সামনে অনেক পথ বাকি।''
রাহানের মন্তব্য ঘিরে চর্চা শুরুর পর ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে জানানো হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন পাওয়া পিঠের চোট থেকে গ্রিন এখনও পুরোদস্তুর সেরে ওঠেনি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলেন,
''ক্যামেরনের পিঠের নীচের অংশে চোট রয়েছে। তবে কিছুদিন ওকে বোলিং থেকে বিরত থাকতে হবে।''
তিনি আরও বলেন, ''ক্যামেরন বর্তমানে ভারতে ধীরে ধীরে বোলিংয়ের লোড বাড়ানোর কাজ করছে। আশা করা হচ্ছে ১০-১২ দিনের মধ্যে গ্রিন আবার বোলিংয়ে ফিরতে পারবে। কেকেআরকে এই বিষয়ে জানানো হয়েছে এবং তারা পুরো বিষয়টি সম্পর্কে অবগত।''
ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্স উড়িয়ে দিয়েছে কেকেআর-কে। কলকাতার বোলিংয়ের রক্তাল্পতা চোখে পড়েছে। ক্যামেরন গ্রিনকে কেন বোলিং করানো হল না, তা নিয়ে চলছিল চর্চা। সেই ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়া মতামত জানাল।
















