আজকাল ওয়েবডেস্ক: শচীন-পুত্র অর্জুন তেণ্ডুলকর এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের কিছু চমকপ্রদ তথ্য শেয়ার করেছেন।
মুম্বই ইন্ডিয়ান্সে ধারাবাহিক সুযোগের অভাবে ভুগতে থাকা এই অলরাউন্ডারকে আইপিএল ২০২৬ মরশুমের আগে লখনউ দলে ট্রেড করা হয়।
নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে অভিষেকের প্রস্তুতি নিতে গিয়ে শচীন-পুত্র জানান, তাঁর খুব বেশি ক্রিকেটার বন্ধু নেই।
শুভঙ্কর মিশ্রর পডকাস্টে কথোপকথনের সময়ে অর্জুনকে জিজ্ঞাসা করা হয়, তিনি কীভাবে এত শান্ত ও স্থির থাকেন।
উত্তরে অর্জুন জানান, গোয়ায় তাঁর বাড়িতে পাঁচটি কুকুর রয়েছে। তাদের সঙ্গে সময় কাটানোই অর্জুনের শান্ত থাকার রহস্য।
সাক্ষাৎকারে কী বলেছেন অর্জুন?
কথোপকথনের অংশ তুলে ধরা হল-
প্রশ্ন-তুমি কীভাবে মাথা শান্ত ও ঠাণ্ডা রাখো?
অর্জুন: গোয়ায় পাঁচটা কুকুর আছে, আমি তাদের সঙ্গে খেলি।
প্রশ্ন: তোমার কি ক্রিকেটার বন্ধু আছে?
অর্জুন: না, আমার ক্রিকেটার বন্ধু নেই। আমার বেশিরভাগ বন্ধুই ক্রিকেট খেলে না।
প্রশ্ন: তুমি কি তাঁদের সঙ্গে ক্রিকেট নিয়ে কথা বলো?
অর্জুন: না, ওরা ক্রিকেট সম্পর্কে খুব একটা জানে না।
প্রশ্ন: তুমি কি সমালোচনাকে ভয় পাও?
অর্জুন: না, আমি ভয় পাই না।
এই সাক্ষাৎকারের উল্লেখযোগ্য দিক হল, অর্জুন নিজে একজন পেশাদার ক্রিকেটার এবং তিনি কিংবদন্তি শচীন তেণ্ডুলকরের ছেলে হওয়া সত্ত্বেও তাঁর ক্রিকেটার বন্ধু নেই।
সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটিদের সন্তানদের ট্রোলিংয়ের মুখোমুখি হতে হয়। শচীনের ছেলেকেও এমন ট্রোলিংয়ের মুখোমুখি হতে হয়েছিল।
এখনও মনে করা হয় অর্জুনকে নিয়ে কাজ চলছে। সমালোচনাকে তিনি ভয় পান না। সাক্ষাৎকারে একথাই জানান তিনি।
মুম্বই ইন্ডিয়ান্সে জশপ্রীত বুমরাহ এবং ট্রেন্ট বোল্টের মতো বিশ্বমানের পেসারদের উপস্থিতির ফলে অর্জুন সেভাবে সুযোগ পাননি। কিন্তু লখনউ সুপার জায়ান্টসে পরিস্থিতি ভিন্ন। মহম্মদ সামি, মায়াঙ্ক যাদব, মহসিন খান, আবেশ খান এবং আনরিখ নরখিয়ার মতো পেস আক্রমণ রয়েছে লখনউয়ে।
তবে ব্যাটিং দক্ষতার জন্য লোয়ার মিডল অর্ডারে অর্জুনকে দলে জায়গা করে দিতে পারে।
ছোটবেলায় কাকে আদর্শ মানতেন অর্জুন? যুবরাজ সিংয়ের নাম নেন তিনি। যুবির বোলিং নিয়ে প্রশ্ন করা হলে অর্জুন হাসিমুখে বলেন, ''যুবি স্পিনার ছিলেন, আর আমি একজন পেসার।''















