আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘদিন জাতীয় দলে ব্রাত্য। আদৌ আর কোনওদিন ডাক আসবে কিনা জানেন না। তবুও এখনই অবসরের ভাবনা নেই মহম্মদ সামির। জানান, যেদিন আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনও আগ্রহ পাবেন না, সেদিন অবসরের সিদ্ধান্ত নেবেন। বয়স, বাদ পড়া বা চোটের জন্য নয়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার জাতীয় দলের হয়ে খেলেন ৩৫ বছরের পেসার। সম্পূর্ণ ফিট হওয়া সত্ত্বেও প্রায় এক বছর জাতীয় দলের বাইরে সামি। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে ৬৭ উইকেট তোলার পরও জাতীয় দলে ডাক আসেনি। 

দীর্ঘদিন ভারতীয় দলে সুযোগ না পাওয়ায় অনেকেই ভাবছেন হয়ত অবসরের কথা ভাববেন সামি। কিন্তু প্রসঙ্গ পুরোপুরি উড়িয়ে দিলেন। একটি টক শোয়ে তারকা পেসার জানান, এই মুহূর্তে অবসরের কোনও ভাবনা নেই। সামি বলেন, 'আমি যেদিন ক্লান্ত হয়ে পড়ব, অবসর নেব। তবে এই মুহূর্তে আমি অবসরের কথা ভাবছি না। কারণ এমন ভাবনা একজনকে দমিয়ে দেয়।' বাংলার পেসার আরও একবার স্পষ্ট জানিয়ে দেন, এই সিদ্ধান্ত শুধুমাত্র তাঁর হবে। সামি বলেন, 'মনে এই ভাবনা আশা মানে, তুমি ইতিমধ্যেই ক্লান্ত। ক্লান্তি এলেই একঘেয়েমি চলে আসে। আমি এটা আগেও বলেছি। আমার যেদিন ঘুম থেকে উঠে সবকিছু একঘেয়ে লাগবে, সেদিন আমি ক্রিকেট ছেড়ে দেব। কিন্তু এখনও আমি সেই জায়গায় যাইনি। আমি খেলাটা উপভোগ করছি। রেজাল্টও পাচ্ছি।'

বারবার জাতীয় নির্বাচকদের দ্বারা উপেক্ষিত হচ্ছেন। কিন্তু সেই নিয়ে ভাবছেন‌ই না। যা তাঁর হাতে নেই, সেই নিয়ে ভাবতে চান না। শুধু নিজের পারফরম্যান্সে ফোকাস করতে চান। সানরাইজার্স হায়দরাবাদ থেকে লখনউ সুপার জায়ান্টসে যোগ দিয়েছেন। নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে সেরাটা দেওয়ার জন্য তৈরি। সামি বলেন, 'বোলার হিসেবে আমি নিজের একশো শতাংশ দেব। আমি নিজের দায়িত্ব পালন করব। এইটুকুই আমার হাতে। নিজের ভাগ্য আমি বদলাতে পারব না। লখনউ আমার ওপর ভরসা রেখেছে। আমি নিজেকে উজাড় করে দেব। আসল বিষয় হল, সন্তুষ্টি। এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কার দলের হয়ে দেখা যাবে সামিকে।