আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার অল ফরম্যাট স্টার। কিন্তু আইপিএলের অভিষেকে কুপার কোন্নোলির থেকে কোনও প্রত্যাশা ছিল না। গুজরাট টাইটান্স এবং পাঞ্জাব কিংস ম্যাচে একজন অলরাউন্ডারকে তিন নম্বরে দেখে সবাই অবাক হয়ে যায়। অস্ট্রেলিয়ার হয়ে টি-২০ তে লোয়ার মিডল অর্ডারে খেলেন। হঠাৎ তরুণ তারকাকে প্রমোট করার সিদ্ধান্ত নেন রিকি পন্টিং। অজি কিংবদন্তির এই জুয়া কাজে লাগে। ৪৪ বলে ৭২ রান করে ম্যাচের সেরা হন কোন্নোলি। পন্টিংয়ের মাস্টারস্ট্রোকে বাজিমাত পাঞ্জাব কিংসের। অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটেই খেলেন। তবে এখনও তেমন নজর কাড়তে পারেননি। সাধারণত সাত বা আট নম্বরে ব্যাট করেন। টি-২০ বিশ্বকাপে লোয়ার অর্ডারে ব্যাট করেন।

একদিনের আন্তর্জাতিকে ছয় বা সাত নম্বরে ব্যাট করেন অজি অলরাউন্ডার। তিনি যে অ্যাঙ্করের ভূমিকা পালন করতে পারেন, সেটা দেখিয়ে দেন ভারতের বিরুদ্ধে সিরিজে। ভারতের বিরুদ্ধে একটি ম্যাচে ৬১ রান করেন। টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক ম্যাচে আট নম্বরে ব্যাট করেন কোন্নোলি। নিলামে তিন কোটি দিয়ে তাঁকে কেনে পাঞ্জাব কিংস। ২২ বছরের উঠতি তারকার জন্য আগাম পরিকল্পনা ছিল পন্টিংয়ের। আইপিএল শুরুর আগে পন্টিং বলেন, 'আমার মনে হয়, কুপার কোন্নোলি দলে যোগ দেওয়ায় আমাদের টপ এবং মিডল অর্ডারে বিকল্প বাড়বে। তারওপর ও বাঁ হাতি। আগের বছর আমাদের টপ অর্ডারে প্রিয়ান্স ছিল, মিডল অর্ডারে নেহাল ওয়াদেরা ছিল। কোন্নোলির সংযোজন আমাদের বিকল্প বাড়াবে। বাঁ হাতি-ডান হাতি কম্বিনেশনের সুযোগ বাড়বে।' 

মঙ্গলবার পন্টিংয়ের মাস্টারস্ট্রোক কার্যকরী হয়। মুল্লানপুরে গুজরাট ম্যাচে পার্থক্য গড়ে দেন তিনি। ম্যাচ শেষে কোন্নোলি বলেন, 'বিশ্বমানের প্লেয়ারদের সঙ্গে খেলার অভিজ্ঞতা পাওয়ার অপেক্ষায় ছিলাম। এই পারফরম্যান্স করতে পেরে ভীষণ খুশি। আমি মূলত টেম্পো প্লেয়ার। খুব বেশি বড় ছক্কা মারি না।' গত বছর ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারে পাঞ্জাব কিংস। কিন্তু এবার দল আরও মজবুত। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতেই পারেন শ্রেয়স আইয়াররা।