আজকাল ওয়েবডেস্ক: আগেই দুটি দল প্লে অফে চলে যাওয়ায় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ ঘিরে কোনও আগ্রহ ছিল না। প্রথম এবং দ্বিতীয় স্থান নির্ণায়ক ম্যাচ। কিন্তু এমন একটি নির্বিষ ম্যাচ ঘটনাবহুল করে তুললেন দুই তারকা। যা আগামী দিনেও মনে থাকবে। শুক্রবার ৫৫ রানে জেতে সানরাইজার্স। কিন্তু ম্যাচ শেষে যা হয়, সেটা পুরোপুরি অপ্রত্যাশিত। ট্রাভিস হেডের সঙ্গে হাত মেলাননি বিরাট কোহলি। হঠাৎ এমন কাণ্ড কেন ঘটালেন আরসিবির তারকা? দু'জনের ঝামেলা সূত্রপাত ম্যাচের শুরু থেকেই। যখন ব্যাট করতে নামেন কোহলি। এদিন রান পাননি তারকা ক্রিকেটার। ১১ বলে ১৫ রান করেন। সাকিব হোসেনের বলে আউট হন। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই হেডের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।
টিভি এবং সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ঘুরছে। যা দেখে মনে হয়, ব্যাট করার সময় কোহলিকে উস্কানিমূলক মন্তব্য করেন অস্ট্রেলিয়ান। যা হায়দরাবাদের পক্ষে যায়। ভিডিও দেখে মনে হয়, কোহলিকে বড় শট মারার বিষয়ে চ্যালেঞ্জ জানান হেড। যার উত্তরে অস্ট্রেলিয়ানকে বল করতে আসার আহ্বান জানান বিরাট। কোহলি বলেন, 'এবার যখন তোমাকে সাবস্টিটিউট করা হবে না, বল করতে পারো।' হেডকে যে অধিকাংশ সময় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করা হয়, তার উল্লেখ করেন। কিন্তু এদিন সেটা না হওয়ায়, অস্ট্রেলিয়ান তারকাকে বল করার চ্যালেঞ্জ জানান। কোহলি আউট হওয়ার পর পাল্টা দেন হেড। বলেন, 'তুমি আউট বন্ধু। আমি বল করতে আসার আগেই।'
ধারাভাষ্য দেওয়ার সময় এই বিষয়টি প্রকাশ্যে আনেন ইরফান পাঠান। বলেন, 'ট্রাভিস হেডকে অফ স্পিন করতে আসার আহ্বান জানায় বিরাট কোহলি। বলে, তুমি সবসময় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলো। এইভাবেই দু'জনের মধ্যে ঝামেলার সূত্রপাত।' ম্যাচের পর গোটা বিষয়টির খোলসা করেন হরভজন সিং। ভাজ্জি বলেন, 'হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ান হেড। কিন্তু বিরাট হাত মেলায়নি। আমি জানি না ঠিক কী হয়েছিল। কিন্তু কোহলি এবং হেডের মধ্যে মাঠে ঝামেলা হয়। যার ফলে বিরাট হাত মেলায়নি।' প্রসঙ্গত, আরসিবি ম্যাচে এক ওভার বল করেন হেড। কিন্তু তার আগেই আউট হয়ে যান কোহলি। সংশ্লিষ্ট ওভারে রজত পতিদারের উইকেট তুলে নেন অজি তারকা।















