আজকাল ওয়েবডেস্ক:‌ দিল্লি ম্যাচেই মাঠে ফিরতে পারেন গুজরাট টাইটান্স অধিনায়ক শুভমান গিল। পেশিতে সামান্য লেগেছে গিলের। আর তাই ঘরের মাঠে রাজস্থান রয়্যালস ম্যাচটা খেলতে পারেননি তিনি। আইপিএল অভিযানও ভাল হয়নি গুজরাটের। দুটি ম্যাচই হারতে হয়েছে। গিলের অনুপস্থিতিতে রাজস্থান ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন রশিদ খান।


প্রথম ম্যাচে অবশ্য খেলেছিলেন গিল। পাঞ্জাবের বিরুদ্ধে ওই ম্যাচে ২৭ বলে ৩৯ করেছিলেন। কিন্তু দল হেরে গিয়েছিল। রাজস্থান ম্যাচে তিনি ছিলেন না। রশিদ খান অধিনায়কত্ব করলেও দল জেতেনি। এবার সামনে দিল্লি ক্যাপিটালস। সূত্রের খবর, ওই ম্যাচে ফিরতে চলেছেন গিল।
৮ এপ্রিল দিল্লির বিরুদ্ধে খেলা গুজরাটের। খেলা হবে অরুণ জেটলি স্টেডিয়ামে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দিল্লি ম্যাচেই মাঠে নামতে পারেন গিল।

 
এটা ঘটনা, গত প্রায় দেড় বছর ধরে ঘাড়ের মাংসপেশীর সমস্যায় ভুগছেন গিল। ইডেন টেস্টের সময়ও সমস্যায় পড়েছিলেন। সেই সমস্যা মাঝেমধ্যেই ভোগাচ্ছে শুভমানকে। এবারও সেই সমস্যাতেই একটা ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে। কিন্তু সূত্রের খবর, দিল্লি ম্যাচেই তিনি মাঠে ফিরবেন। তবে শুভমানের ফেরা দেরিও হতে পারে। 

এদিকে, রাজস্থানের বিরুদ্ধে কি হার্দিক পাণ্ডিয়া খেলবেন? মুম্বই ইন্ডিয়ান্সের কোচ পরস মামরে পাণ্ডিয়া সম্পর্কে আপডেট দিয়েছেন। পাণ্ডিয়া পুরোদস্তুর সুস্থ। মঙ্গলবার গুয়াহাটিতে রাজস্থানের বিরুদ্ধে খেলতে প্রস্তুত পাণ্ডিয়া। অসুস্থতার কারণে পাণ্ডিয়া দিল্লি ম্যাচে খেলতে পারেননি। পাণ্ডিয়া না খেলায় শেষ ম্যাচে মুম্বইয়ের দলে কিছু পরিবর্তন করতে হয়েছিল। 
অলরাউন্ডার হিসেবে করবিন বশ সুযোগ পান। দিল্লির কাছে হার মানে মুম্বই। সমীর রিজভি দুর্দান্ত ৯০ রান করে দিল্লিকে ম্যাচ জেতান। মামরে বলেছেন, ‘‌বুমরা খেলবে। গতকাল আমরা কয়েক ঘণ্টার ভাল নেট সেশন করেছি, বুমরা পুরোদস্তুর ফিট।’‌


তিনি আরও বলেন, ‘‌ইনজুরির কারণে দলগত সমন্বয় বদলানো, এটা মেনে নিতেই হবে। চোট নিয়ন্ত্রণ করা যায় না। তবে আমাদের দলে যথেষ্ট খেলোয়াড় আছে, যারা পরিস্থিতি অনুযায়ী কম্বিনেশন তৈরি করতে পারে।’‌