আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে এখনও বাইশ গজে দেখা যায়নি মহেন্দ্র সং ধোনিকে। ফিট হয়ে দ্রুত মাঠে নামার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। রিহ্যাবে চলছে ক্যাপ্টেন কুলের। তারই মাঝে মানবিকতার পরিচয় দিলেন মাহি। প্রায় এক বছর অসুস্থ থাকার পর পরলোক গমন করেছেন চেন্নাই সুপার কিংসের পেসার মুকুল চৌধুরীর মা প্রেম দেবী। মুম্বইয়ের টাটা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয় তাঁর। শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পর রাজস্থানের ভিলওয়ারাতে ফিরে যান মুকেশ। দাদা ডাক্তার রাজেশ চৌধুরীর সঙ্গে মায়ের শেষকৃত্য সম্পন্ন করেন। চলতি মরশুমে এখনও পর্যন্ত আইপিএলের একটি ম্যাচ খেলেছেন তিনি। তবে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেন তিনি। তবে একাধিক রিপোর্টে বলা হচ্ছে, একটি ছোট বিরতি নিয়ে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ফিরবেন মুকেশ।
একটি সর্বভারতীয় ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, ফাস্ট বোলারের সঙ্গে নিয়মিত যোগাযোগে ছিলেন ধোনি। খারাপ সময় মুকেশের পাশে দাঁড়ান। তাঁর মাকে দেখতে হাসপাতালেও যান। সর্বত্র তরুণ পেসারের পাশে থাকেন। তাঁকে ভরসা জোগান। এবারের আইপিএলে নামার আগে ধোনির এই মানবিক দিক আবার প্রকাশ্যে। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে চোট পান ধোনি। ফিট হওয়ার চেষ্টায় তারকা ক্রিকেটার। মঙ্গলবার পুরোদমে প্র্যাকটিস করেন। নেটে ব্যাট করার পর উইকেটকিপিংও করেন। বুধবার হালকা ট্রেনিং করেন। মাঝে একটি বিরতি নেওয়ার পর থ্রো ডাউন স্পেশালিস্ট এবং ফাস্ট বোলারদের মুখোমুখি হন। তবে সব বল ব্যাটে লাগাতে পারেননি। কবে মাঠে ফিরবেন এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। প্র্যাকটিসে বেশ খোশমেজাজে দেখা যায় পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ককে। মাঠে এআইযের একটি রোবোটিক কুকুরের সঙ্গে খেলতে দেখা যায় তাঁকে।
মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ফিরতে পারেন তারকা ক্রিকেটার। এখনও পর্যন্ত ছ'টি ম্যাচ খেলেছে চেন্নাই সুপার কিংস। তারমধ্যে চারটে ম্যাচ হেরেছে। চলতি আইপিএলে এখনও হলুদ জার্সিতে দেখা যায়নি ধোনিকে। কাফ মাসেলে চোটের জন্য আইপিএলের প্রথম দুই সপ্তাহ থেকে ছিটকে গিয়েছেন ধোনি। দলের সঙ্গে হায়দরাবাদ গেলেও, স্টেডিয়ামে কোথাও তাঁকে দেখা যায়নি। কিন্তু মঙ্গলবার সিএসকে একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে ধোনিকে উইকেটকিপিং করতে দেখা যায়। বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে পরের ম্যাচ। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর নড়েচড়ে বসেছে ধোনি সমর্থকরা। মুম্বই ম্যাচে তাঁর মাঠে ফেরার আশায় ফ্যানরা।















