আজকাল ওয়েবডেস্ক: প্রাথমিক ব্যাটিং বিপর্যয় সামলে কলকাতা নাইট রাইডার্সকে লড়াই করার মতো রানে পৌঁছে দিলেন ক্যামেরুন গ্রিন। নির্ধারিত ওভারের শেষে ১৮০ রানে অলআউট। আহমেদাবাদ গ্রিন ঝড়ের সাক্ষী থাকল। জ্বলে উঠলেন আইপিএলের সবচেয়ে দামি বিদেশি। দিলেন সমালোচকদের জবাব। শেষমেশ ২৫.২০ কোটির কিছুটা উশুল হল। শুক্রবার রাতে একাই লড়লেন। চার ম্যাচে ব্যর্থ। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যাট করার সুযোগ পাননি। দ্বিতীয় ওভারে অঙ্গকৃষ রঘুবংশী ফেরার পর নামেন গ্রিন। স্কোরবোর্ডে তখন ২ উইকেট হারিয়ে নাইটদের রান ২১। প্রথমে কিছুটা নড়বড়ে ছিলেন। শুরুটা মন্থর ছিল। ২৯ বলে প্রথম ২৭ রান করেন। তারপর বড় চেহারার অস্ট্রেলিয়ানের তাণ্ডব শুরু। ম্যাচ নিজের দখলে নিয়ে নেন। গ্রিন এবং পাওয়েল ছাড়া কেউ রান পায়নি।
অবিশ্বাস্য ব্যাটিং। চারটি বিশাল ছক্কা হাঁকান। রশিদ খানকেও রেয়াত করেননি। বরাবরই বিগ হিটার। কিন্তু আইপিএলের শুরুতে রান পাচ্ছিলেন না। এদিন নিজের জাত চেনান। এদিন গ্রিন না খেললে, আরও একবার নাইটদের আত্মসমর্পণের কাহিনি লিখতে হত। কিন্তু এই যাত্রায় শেষপর্যন্ত কেকেআরের মান রক্ষা কি করতে পারবেন অজি অলরাউন্ডার? বেগুনি জার্সিতে প্রথম অর্ধশতরান গ্রিনের। ৩৪ বলে পৌঁছে যান ৫০ রানে। তবে মাঝের অভারগুলোতে গ্রিন যেভাবে ব্যাট করেন, অনায়াসেই ২০০ রানে পৌঁছে যেতে পারত কেকেআর। কিন্তু পরিকল্পনাহীন ব্যাটিং। ১৫ থেকে ১৯ ওভারের মধ্যে মাত্র ৪ বল খেলেন গ্রিন। উইকেটের অন্য প্রান্তে দাঁড়িয়ে দেখেন একের পর এক উইকেট হারানো। ১৯তম ওভারের প্রথম বলে রান নেওয়ার প্রয়োজন ছিল না গ্রিনের। কিন্তু পরিকল্পনার অভাব। শেষ পাঁচ ওভারে মাত্র ৩২ রান। হারায় ৫ উইকেট।
পাওয়ার প্লে এবং শেষ পাঁচ ওভার গুজরাটের। বাকি সময়টা গ্রিনের। শুরুটা করেন রোভমান পাওয়েল। এদিন গুজরাটের বিরুদ্ধেও শুরুতে ব্যাটিং বিপর্যয়। ৩২ রানে ৩ উইকেট হারায় নাইটরা। ফের ব্যর্থ অজিঙ্ক রাহানে। প্রথম বলেই আউট নাইট অধিনায়ক। মহম্মদ সিরাজের বলে কাগিসো রাবাডার হাতে ধরা পড়েন। কেকেআরের ইনিংসের চতুর্থ বলেই আউট। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাহানে। গুজরাটের ওপর রানের পাহাড় চাপিয়ে দেওয়ার লক্ষ্য ছিল। কিন্তু পাওয়ার প্লেতে ব্যর্থ। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চলতি আইপিএলে পাওয়ার প্লেতে সর্বনিম্ন রান ছিল নাইটদের। এদিন ৬ ওভারের শেষে ৩ উইকেট হারিয়ে ছিল ৩৭ রান। ফিন অ্যালেনের পরিবর্তে টিম সেইফার্ট সুযোগ পান। শুরুটা ভাল করেনও। কিন্তু ১৯ রানে ফেরেন। এদিন রান পাননি অঙ্গকৃষ রঘুবংশী। ৮ রানে আউট হন। চতুর্থ উইকেটে ৫৫ রান যোগ করেন পাওয়েল এবং গ্রিন। ২০ বলে ২৭ রান করে আউট হন ক্যারিবিয়ান। বাকিটা গ্রিন শো। এদিন ভাগ্য অস্ট্রেলিয়ান তারকার সঙ্গ দেয়। ব্যক্তিগত ৬২ রানে তাঁর ক্যাচ ফেলেন ওয়াশিংটন সুন্দর। দু'বার স্ট্যাম্পিং মিস করেন জস বাটলার। শেষপর্যন্ত ৫৫ বলে ৭৯ রান করে ইনিংসের শেষ বলে আউট হন গ্রিন।















