আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সক্রিয় হল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে বিসিবির অন্তর্বর্তী সভাপতি করার পরই আশার আলো দেখা যাচ্ছে। দায়িত্ব নিয়েই বিসিসিআইয়ের সঙ্গে ফের সুসম্পর্ক গড়ার দিকে নজর দিলেন তামিম। ভারত সফরে আসার ইচ্ছাপ্রকাশ করা হয়েছে। একইভাবে চলতি বছরের শেষে দ্বিপাক্ষিক সিরিজের জন্য ভারতকে আমন্ত্রণ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সম্প্রতি দুই বোর্ডের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তারমধ্যে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নশিপের সাইকেলে বাংলাদেশে টেস্ট খেলতে যাওয়ার কথা ভারতের। টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে না আশা নিয়ে দুই বোর্ডের মধ্যে সমস্যা বাঁধে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যেতে অনুরোধ করা হয়। কিন্তু বিসিসিআই না মানায়, বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের। স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।

অতীত ঘটনা ভুলে, দুই বোর্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করতে তৎপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুই বোর্ডের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে প্রথম পদক্ষেপ নিল বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কমিটির প্রধান দায়িত্ব ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা। অন্যদিকে, বহিষ্কৃত হওয়ার পর আইসিসিকে আবেদন করেন আমিনুল ইসলাম বুলবুল। ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল তাঁকে এবং বর্তমান বোর্ড অফ ডিরেক্টরদের ছেঁটে ফেলে। এবার তাতে আইসিসির হস্তক্ষেপ চান বুলবুল। তবে বিশেষ কোনও লাভ হবে না। বোর্ড সভাপতি থাকাকালীন আইসিসিকে তিনি জানিয়েছিলেন, বাংলাদেশ সরকার তাঁদের ভারতে গিয়ে বিশ্বকাপ খেলের অনুমতি দেয়নি। সেটা ভালভাবে নেয়নি আইসিসি। 

মঙ্গলবার তামিম ইকবালকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি নিযুক্ত করে বাংলাদেশ সরকার। বাংলাদেশ বোর্ডের বর্তমান বোর্ড অফ ডিরেক্টরদের সরিয়ে দেওয়া হয়। বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে সরিয়ে দেয় দেশের জাতীয় স্পোর্টস কাউন্সিল। নতুন করে নির্বাচন হওয়ার আগে দৈনন্দিন কাজ চালানোর জন্য একটি অ্যাড হক কমিটি গঠন করা হয়। কয়েকদিন আগেই দ্বিপাক্ষিক সিরিজের আবেদনে বিসিসিআইয়ের দ্বারস্থ হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার পরপরই বোর্ডের খোল-নলচে বদলে ফেলা হয়। নতুন দায়িত্ব বর্তায় বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক এবং দেশের অন্যতম সেরা ওপেনার তামিমের ওপর। যার প্রধান কাজ হবে আগামী ৯০ দিন, অর্থাৎ তিন মাসের মধ্যে পরবর্তী নির্বাচন সম্পন্ন করা। জাতীয় স্পোর্টস কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান বিসিবির বোর্ড সদস্যদের বহিষ্কার করে নতুন অ্যাড হক কমিটি গঠনের কথা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে জানিয়ে দেওয়া হয়েছে।