আজকাল ওয়েবডেস্ক:‌ মুকুল চৌধুরী। একাই হারিয়ে দিলেন কেকেআরকে। ২৭ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ২২ বছরের উইকেটরক্ষক–ব্যাটার। 


আচমকাই উত্থান মুকুলের। আইপিএলের কলকাতা ম্যাচের আগে কে চিনত মুকুলকে?‌ একটা ইনিংসই তাঁকে আলোয় নিয়ে এসেছে। যদিও লখনউ সুপার জায়ান্টসে তাঁর সতীর্থ অর্জুন তেন্ডুলকার আগেই সতর্ক করেছিলেন সবাইকে। বলেছিলেন, মুকুল কিন্তু বড় বড় ছয় মারতে পারে।


এক সাক্ষাৎকারে অর্জুন বলেছেন, ‘‌মুকুলের ছয় মারার প্রবণতা সহজাত। অনুশীলন ম্যাচে বড় বড় ছয় মারে। আমিও অবাক হয়ে গিয়েছিলাম। স্কোয়ার লেগ, পয়েন্ট, আপার কাট, বোলারের মাথার উপর দিয়ে–সব জায়গা দিয়েই ছয় মারতে ওস্তাদ। মুকুলের ব্যাটিংয়ে আমি তো অভিভূত।’‌


অর্জুন আগেই একথা বলেছিলেন। অর্থাৎ সতর্ক করেছিলেন কেকেআরকে। কিন্তু তাতে গুরুত্ব দেয়নি রাহানেরা। ফল যা হওয়ার হয়েছে। এদিকে খেলা শেষে লখনউ অধিনায়ক ঋষভ পন্থ বলেছেন, ‘‌আমার কাছে বলার মতো কোনও শব্দ নেই। অসাধারণ পারফরম্যান্স। আমি শুধু মুকুলের উপর বিশ্বাস রেখেছিলাম। সেই বিশ্বাসই ওকে অসাধারণ কিছু করতে সাহায্য করেছে।’‌ লখনউ কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেছেন, ‘‌ওঁ সত্যিকারের অ্যাথলিট। উইকেটের মধ্যে দৌড়নোটা একেবারে বিরাটের মতো। আর ম্যাচ রিডিং অনেকটা ধোনির মতো। এত কম বয়সে এমন ম্যাচ সেন্স খুব কমই দেখা যায়।’‌


শেষ চার ওভারে ৫৪ দরকার ছিল লখনউয়ের। একমাত্র স্বীকৃত ব্যাটার তখন ছিলেন শুধু মুকুল। কিন্তু তারপরেও দলকে জেতাতে সমস্যা হয়নি মুকুলের। 

এদিকে, আইসিসি এবার টেস্ট চ্যাম্পিয়নশিপে দল বাড়ানোর চিন্তাভাবনা করছে। এখন খেলে ৯ দেশ। সেটা বাড়িয়ে ১২ করার চিন্তাভাবনা চলছে।


এর পাশাপাশি, ২০২৮ সালের অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের পদ্ধতিও অল্প কয়েক দিনের মধ্যে চূড়ান্ত করে ফেলতে পারেন আইসিসি কর্তারা।