আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে আবার নতুন কীর্তি সানরাইজার্স হায়দরাবাদের। পাওয়ার প্লেতে পেরোয় ১০০ রানের গণ্ডি। শনিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে পাওয়ার প্লেতে রানের বন্যা বইয়ে দেন ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। মুল্লানপুরে হেড এবং অভিশেকের ব্যাটে ঝড় বয়ে যায়। প্রথম থেকেই তাঁদের মনোভাব স্পষ্ট হয়ে যায়। একমাত্র লক্ষ্য ছিল আক্রমণ করা। ২ ওভারের শেষে বিনা উইকেটে ২০ রান ছিল সানরাইজার্সের। তারপরই ফোর্থ গিয়ারে চলে যায়। শুরুটা করে অভিষেক। অর্শদীপকে দুটো চার এবং ছয় মারেন। মোমেন্টাম হায়দরাবাদের দিকে ঘুরে যায়। এরপর রুদ্রমূর্তি ধারণ করে সান রাইজার্সের দুই ওপেনার। ৩.৪ ওভারে ৫০ রানে পৌঁছে যায়। ওভার প্রতি ১৩ রান নেয়।
১৮ বলে অর্ধশতরানে পৌঁছে যান অভিষেক। বিজয়কুমার বৈশককে টার্গেট করেন। হাঁকান চার ছক্কা। টেম্পো ধরে রাখেন হেড। জেভিয়ার বার্টলেটের বলে চারের হ্যাটট্রিক অজি তারকার। ৬ ওভারের মধ্যে ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায়। এই নিয়ে তৃতীয়বার পাওয়ার প্লেতে একশো রানের গণ্ডি পেরোয় সানরাইজার্স। অন্য কোনও দল একবারের বেশি এই নজির গড়তে পারেনি। এর আগে দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এই রেকর্ড ছিল হায়দরাবাদের। সানরাইজার্স ছাড়া কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস একবার এই নজির গড়েছিল। দল ছাড়াও হয় ব্যক্তিগত রেকর্ড। নজির গড়েন অভিষেক শর্মা। আইপিএলের ইনিংসে পাওয়ার পেতে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডে সনথ জয়সূর্য, জস বাটলার এবং জনি বেয়ারস্টোদের ছুঁয়ে ফেলেন। চারজনের ছয়ের সংখ্যা সাত।















