আজকাল ওয়েবডেস্ক: কড়া নিরাপত্তার মধ্যেই ফিফা বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে ইরান জাতীয় ফুটবল দল। মেক্সিকোর তিজুয়ানায় দলের ট্রেনিং বেস ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান যুদ্ধের অবসান নিয়ে একটি চুক্তি খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। যদিও তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও কোনও বিষয় চূড়ান্ত হয়নি।
বিশ্বকাপের আগে ইরান তিজুয়ানার এস্তাদিও ক্যালিয়েন্তে সংলগ্ন এলাকায় নিজেদের অনুশীলন শিবির করছে। সেখান থেকে তারা যুক্তরাষ্ট্রে খেলতে যাবে এবং ফের ফিরে আসবে মেক্সিকোয়।
তবে ইরান দলের অনুশীলনে দিনভর সশস্ত্র নিরাপত্তারক্ষীদের টহল দিতে দেখা যাচ্ছে। হুডখোলা গাড়ি নিয়মিত অনুশীলন কেন্দ্র ঘিরে টহল দিচ্ছে। গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে মোতায়েন করা হয়েছে নিরাপত্তাকর্মীদের।
তবে কড়া নিরাপত্তার এই আবহের মধ্যেও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভ্যর্থনা পেয়েছে ইরান দল। অনুশীলন কেন্দ্রের আশপাশে ফার্সি ও স্প্যানিশ ভাষায় স্বাগত বার্তা টাঙানো হয়েছে।
অনেক ফুটবলপ্রেমীও সেখানে ভিড় জমিয়েছেন শুধু ইরানের ফুটবলারদের এক ঝলক দেখার আশায়। তিজুয়ানার বাসিন্দাদের কাছে বিশ্বকাপের একটি দলকে আতিথ্য দেওয়া এখন বড় আকর্ষণের বিষয় হয়ে উঠেছে।
যদিও নিরাপত্তার কারণে দলের অনুশীলন সেশন সাধারণ মানুষের জন্য সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। দলের অধিনায়ক আলিরেজা জাহানবাখশই এই পরিস্থিতি ইতিমধ্যেই মুখ খুলেছেন।
এক সাক্ষাৎকারে তিনি মেক্সিকো সফরের একটি পুরনো অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। জাহানবাখশ জানান, একবার তিনি এবং তাঁর এক বন্ধু সশস্ত্র ডাকাতের মুখোমুখি হয়েছিলেন।
কিন্তু ডাকাতরা যখন জানতে পারে তাঁরা ইরানি, তখন পরিস্থিতির মোড় ঘুরে যায়। তিনি বলেন, ‘ওরা ইরানিদের খুব পছন্দ করে।’ তাঁর দাবি, সেই ঘটনার পর আর কোনও বড় ক্ষতি বা বিপদের মুখে পড়তে হয়নি।
তিজুয়ানার স্থানীয় ক্লাব কর্তৃপক্ষও খুব অল্প সময়ের মধ্যে বিশ্বকাপ খেলিয়ে দলকে স্বাগত জানানোর প্রস্তুতি সম্পন্ন করেছে। ফিফার নির্ধারিত মানদণ্ড পূরণ করতে কয়েক সপ্তাহ ধরে পরিকাঠামো উন্নতির কাজ করেছে তারা।
নিরাপত্তা ব্যবস্থাও উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে। তবে প্রস্তুতির ক্ষেত্রে ইরান তাদের প্রত্যাশামতো সুযোগ পায়নি। সম্প্রতি তারা স্থানীয় ক্লাব তিজুয়ানার অনূর্ধ্ব-২১ দলের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে এবং ৩-০ গোলে জয় পেয়েছে।
তবে গ্রেনাডার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ বাতিল হয়ে যায় ইরানের। আগামী ১৬ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। এরপর যুক্তরাষ্ট্রে গ্রুপ পর্বের বাকি ম্যাচে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম এবং মিশর।















