আজকাল ওয়েবডেস্ক: এগিয়ে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসি-র এই মেগা ইভেন্টে টিকিটের দাম খুব কম পাকিস্তানে। টিকিটের সর্বনিম্ন দাম পিসিবি ধার্য করেছে ভারতীয় মুদ্রায় ৩১০ টাকা।
কিন্তু পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচ টিকিটের দাম কিছুটা বেশি। এই দুই দেশের খেলার টিকিট রাওয়ালপিন্ডিতে (জেনারেল এনক্লোজার)ভারতীয় মুদ্রায় প্রায় ৬২০ টাকা। পাক মুলুকে যে সেমিফাইনাল হবে, সেই ম্যাচের টিকিটের দাম ধার্য করা হয়েছে ৭৭৬ টাকা। প্রতিটি ম্যাচের ভিভিআইপি টিকিটের মূল্য ৩৭২৬ টাকা। একই টিকিটের দাম সেমিফাইনাল ম্যাচে কিছুটা বেশি। শেষ চারের লড়াইয়ে ভিভিআইপি টিকিটের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৭৭৬৪ টাকা। করাচিতে যে ম্যাচ হবে তার প্রিমিয়াম এনক্লোজারের টিকিটের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১০৮৬ টাকা। লাহোরে ১৫৫০ টাকা রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-বাংলাদেশের ম্যাচের টিকিটের দাম ২১৭০ টাকা।
এদিকে পিসিবি করাচিতে ভিআইপি এনক্লোজারের টিকিটের দাম পাকিস্তানি মুদ্রায় সাত হাজার করার পরিকল্পনা করছে। লাহোরে সেই টিকিটের দাম সাড়ে সাত হাজার টাকা এবং রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ম্যাচের টিকিটের ভিআইপি এনক্লোজারের দাম সাড়ে ১২ হাজার টাকা। তবে সাধারণ দর্শকদের জন্য ১৮ হাজার টিকিট বিক্রি করা হবে বলে জানা গিয়েছে। কিন্তু একজন ব্যক্তি একবারে ক'টি টিকিট কিনতে পারবেন, তা এখনও পরিষ্কার নয়। টিকিট বুথে টিকিট পাওয়া যাবে নাকি অনলাইনে পাওয়া যাবে টিকিট, তা এখনও স্থির হয়নি।
কিন্তু ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। সেখানে দাম চড়া হবে। দুবাইয়ে হবে ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচ। সেই ম্যাচের টিকিটের দাম আকাশ ছোঁবে বলেই মনে করা হচ্ছে।
















