আজকাল ওয়েবডেস্ক: আর কিছুক্ষণ পরই বিশ্বকাপ অভিযান শুরু স্পেনের। প্রতিপক্ষ একেবারে আনকোরা কেপ ভার্দে। নজর থাকবে লামিন ইয়ামালের দিকে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, তরুণ তুর্কি কি শুরু করবেন? হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য কয়েকদিন খেলার বাইরে ছিলেন স্প্যানিশ তারকা। তবে সোমবার প্রথম একাদশে থাকবেন না তিনি। বেঞ্চে শুরু করবেন। ম্যাচের আগে এমনই জানান স্পেনের কোচ লুই ডে লা ফুয়েন্তে। জানান, বার্সা তারকা হ্যামস্ট্রিংয়ে চোটের থেকে সেরে উঠেছেন। বার্সিলোনার শেষদিকের ম্যাচে খেলতে পারেননি। তবে তাঁর ওয়ার্কলোড নিয়ে সচেতন স্পেন।
ফুয়েন্তে বলেন, 'আমরা বার্সিলোনা এবং স্প্যানিশ ন্যাশনাল দলের মেডিকেল স্টাফ এবং ফিটনেস কোচের পরামর্শ অনুযায়ী চলছি। লামিন ইয়ামাল খেলার জন্য তৈরি। তবে কত মিনিট খেলবে আমরা জানি না। ম্যাচের পরিস্থিতি ওপর নির্ভর করবে। তবে ও খেলার জন্য আদর্শ জায়গায় আছে।' শুধু ইয়ামল নয় স্পেনের বেঞ্চে থাকবেন নিকো উইলিয়ামস এবং ভিক্টর মুনোজ। ফিট হওয়ার সত্ত্বেও তাঁদের নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না স্পেনের স্টাফ। ফেভারিট হিসেবে নামবে স্পেন। এই মুহূর্তে তাঁদের প্রতিপক্ষ দেশ কেপ ভার্দের জন্য ঐতিহাসিক। ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে তাঁরা। এই প্রথম সিনিয়র পর্যায় মুখোমুখি দুই দেশ। আফ্রিকার দেশের জন্য ঐতিহাসিক মাইলস্টোন। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নদের জন্য বিশ্বসেরা হওয়ার সুযোগ। ১৭ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করছে লা রোজারা। খেতাবের হাতছানি ইয়ামালদের সামনেও।















