আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেট থেকে আপাতত সাময়িক বিরতি। বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ শেষে ছুটি কাটাচ্ছেন জসপ্রীত বুমরা। সদ্য টেস্টের সেরা বোলারের স্বীকৃতি পেয়েছেন। এখন দুবাইয়ে রয়েছেন বুমরা। গিয়েছিলেন ভারত–পাক ম্যাচ দেখতে। সেখানে চলছে মহিলাদের টি২০ বিশ্বকাপ। পাকিস্তানকে হারিয়ে সাময়িক চাপ সামলেছেন হরমনপ্রীতরা।
যখন মাঠে চলছে লড়াই, তখন গ্যালারিতে দেখা যায় বুমরাকে। তিনি সম্প্রচারকারী সংস্থাকে সাক্ষাৎকারও দেন। এদিকে, ৩০ বছরের পেসার টি২০ সিরিজে খেলছেন না। তিনি আবার ফিরবেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে। তারপর শুরু হবে বর্ডার–গাভাসকার ট্রফি।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ছিলেন বুমরা। দুর্দান্ত বোলিং করেছেন। তার আগে টি২০ বিশ্বকাপে বারবার দলকে উতরে দিয়েছেন। যখনই উইকেট দরকার পড়েছে, বুমরা তুলে নিয়েছেন। নতুন বলে হোক বা পুরনো বলে বুমরা সবসময়ই ভয়ঙ্কর।
















