আজকাল ওয়েবডেস্ক: মেয়েদের টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করল বিসিসিআই। প্রত্যাশামতো দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। সহ অধিনায়ক স্মৃতি মন্ধানা।  তবে সবচেয়ে বড় চমক হলো তারকা অলরাউন্ডার আমনজ্যোৎ কৌরের অনুপস্থিতি, যিনি সাম্প্রতিক সময় ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। 

মুম্বাই ইন্ডিয়ান্সের এই খেলোয়াড় ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং—তিন বিভাগেই দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। বিশেষ করে ব্যাটিং অর্ডারে নীচের দিকে নেমে বড় শট খেলার পাশাপাশি তাঁর চার ওভার কোটা পূরণের ক্ষমতা তাঁকে দলে বিশেষ জায়গা দিয়েছিল। 

২০২৫ সালের মহিলা বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার লরা উলভার্টের ক্যাচ অসাধারণ দক্ষতায় ধরেছিলেন। সেই ক্যাচটির জন্যই ভারতীয় ক্রিকেটে স্মরণীয় হয়ে আছেন আমনজ্যোৎ।
অধিনায়ক হরমনপ্রীত কৌর জানিয়েছেন, আমনজ্যোৎ বর্তমানে চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে। একই সঙ্গে প্রধান নির্বাচক অমিতা শর্মাও বলেন, তাঁর বিকল্প খুঁজে পাওয়া কঠিন ছিল। কারণ কাশভি গৌতমকেও চোটের জন্য নির্বাচন করা হয়নি। 
কাশভি পেসার।  ব্যাটিংয়েও নিচের দিকে অবদান রাখতে পারতেন। তবে তাঁর ডান হাঁটুর চোট গুরুতর হওয়ায় তিনি দলে জায়গা পাননি।
এই পরিস্থিতিতে নতুন মুখ হিসেবে প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন নন্দিনী শর্মা।
হরমনপ্রীত  জানান, আমনজ্যোৎ কৌর আগামী চার থেকে পাঁচ মাস মাঠের বাইরে। কাশভির চোট নিয়েও বিসিসিআইয়ের মেডিক্যাল টিম বিস্তারিত রিপোর্ট দেবে বলে জানানো হয়েছে।