আজকাল ওয়েবডেস্ক: আইএসএলের ‘এল ক্লাসিকো’তে অভিষেক হলো পাঞ্জাবের স্পিনার রঘু শর্মার।
ম্যাচ শুরুর আগে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া নিজের হাতে ৩৩ বছর বয়সী রঘু শর্মাকে তাঁর প্রথম আইপিএল ক্যাপ পরিয়ে দেন।
একইসঙ্গে দলে আরও একটি পরিবর্তন করা হয়, যেখানে অশ্বীনী কুমারের জায়গায় সুযোগ পান কৃষ ভগত।
তবে রঘু শর্মাকে মূল একাদশে নয়, ইমপ্যাক্ট প্লেয়ার তালিকায় রাখা হয়েছিল।
চলতি মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স চেনা ছন্দে নেই। আট ম্যাচে মাত্র দু'টি জয় নিয়ে তারা পয়েন্ট টেবিলে নবম স্থানে রয়েছে। এর আগে চলতি আসরে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১০৩ রানের বড় ব্যবধানে হেরেছিল মুম্বাই ইন্ডিয়ান্স।
সেই হারের প্রতিশোধ নেওয়াই এবার তাদের অন্যতম লক্ষ্য ছিল।
পাঞ্জাবের জলন্ধরের ছেলে রঘু শর্মা ধীরে ধীরে ঘরোয়া ক্রিকেটে নিজের পরিচিতি গড়ে তুলেছেন। ডান হাতি লেগ-স্পিনার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ২০১৭-১৮ রঞ্জি ট্রফিতে অভিষেক হয়। এখনও পর্যন্ত ১২টি ম্যাচে ৫৭ উইকেট নিয়ে তিনি নজর কেড়েছেন, যার মধ্যে রয়েছে পাঁচবার পাঁচ উইকেট এবং তিনবার দশ উইকেট নেওয়ার কৃতিত্ব।
লিস্ট এ ক্রিকেটেও তিনি ভাল পারফরম্যান্স করেন। বিশেষ করে ২০২৪–২৫ বিজয় হাজারে ট্রফিতে ৮ ম্যাচে ১৪ উইকেট নেন। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪ ম্যাচে ৪ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে।
২০২৫ সালে মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ভিগনেশ পুথুরের বদলি হিসেবে দলে নেয়। আগে তিনি একই ফ্র্যাঞ্চাইজির নেট বোলার হিসেবেও কাজ করেছিলেন। এবার অবশেষে আইপিএলে মাঠে নামার সুযোগ পেলেন তিনি। দীর্ঘ অপেক্ষার ফল পেলেন অবশেষে।















