আজকাল ওয়েবডেস্ক: অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের পর আরও একটি প্রতিজ্ঞা করে ফেললেন অমন সেহরাওয়াত। তাও আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক থেকে সোনা আনার বিষয়ে আশ্বাস দিলেন। শনিবার অমনকে ফোন করেন প্রধানমন্ত্রী মোদি। জানান, তাঁর জীবন বাকিদের অনুপ্রেরণা দেবে। মোদি বলেন, 'তোমার জীবন দেশবাসীকে অনুপ্রেরণা জোগাবে।' মাত্র ১১ বছর বয়সে মা, বাবাকে হারান অমন। তারপর থেকে নিজের মন-প্রাণ কুস্তিকে শপে দেন। ফোনে এরই উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁকে পরিকাঠামোগত যাবতীয় সাহায্যের জন্য মোদিকে ধন্যবাদ জানান ২১ বছরের কুস্তিগির। একইসঙ্গে, পরের অলিম্পিক থেকে সোনা আনার প্রতিজ্ঞা করেন। অমন বলেন, '২০২৮ অলিম্পিক থেকে সোনা নিয়ে ফিরব।' 

ভারতের কনিষ্ঠতম অ্যাথলিট হিসেবে অলিম্পিকে পদক জেতেন অমন সেহরাওয়াত। ২১ বছরের জন্মদিনের এক মাসও কাটেনি। তারমধ্যেই এই কীর্তি স্থাপন করলেন। এর আগে এই রেকর্ড ছিল পিভি সিন্ধুর। ২১ বছর ১ মাস ১৪ দিন বয়সে অলিম্পিকে পদক জেতেন। পুরুষ কুস্তিগির হিসেবে ভারত থেকে একমাত্র অমনই প্যারিস অলিম্পিকের ছাড়পত্র পান। হতাশ করেননি তিনি। ২০০৮ সাল থেকে অলিম্পিকে কুস্তিতে কোনওদিন খালি হাতে ফেরেনি ভারত। এবারও তাই হল। পুরুষদের কুস্তিতে ৫৭ কেজি ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জেতেন অমন। শুক্রবার ১৩-৫ এ পোর্তো রিকোর ডারিয়ান দোই ক্রুজকে হারান ভারতীয় কুস্তিগির।