আজকাল ওয়েবডেস্ক: টি–২০ বিশ্বকাপের ম্যাচে ঘটল দুর্ঘটনা। তাও আবার ইডেন গার্ডেন্সে। টি–২০ বিশ্বকাপের ইংল্যান্ড–ইতালি ম্যাচ দেখতে গিয়ে আহত হলেন এক মহিলা। তাঁর মুখে বল লাগে। সঙ্গে সঙ্গে নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করে। আহত ক্রিকেটপ্রেমীর পরিচয় জানা যায়নি।
কলকাতা পুলিশ জানিয়েছে, ইংল্যান্ডের ইনিংস চলাকালীন বল উড়ে আসে গ্যালারিতে। বল এসে সরাসরি ওই মহিলার মুখে লাগে। ছুটে যান স্টেডিয়ামে কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় স্টেডিয়ামের মেডিক্যাল রুমে। সেখানে চিকিৎসকেরা তাঁর প্রাথমিক শুশ্রূষা করেন। পরে আহত ক্রিকেটপ্রেমীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। মহিলার নাকে গুরুতর চোট লেগেছে বলে জানিয়েছে পুলিশ। যদিও তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি।
এদিকে, সোমবার ইডেনে ইতালিকে ২৪ রানে হারিয়ে টি–২০ বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গিয়েছে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে হ্যারি ব্রুকের দল করে ৭ উইকেটে ২০২। জবাবে ইতালির ইনিংস শেষ হয় ১৭৮ রানে। ইংল্যান্ডের উইল জ্যাকস ২২ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলার পর ৩৪ রানে ১ উইকেট নিয়েছেন। তিনিই পেয়েছেন ম্যাচ অফ দ্য ম্যাচের পুরস্কার।
এদিকে, টি–২০ বিশ্বকাপ মিটলেই বিয়ের পিঁড়িতে বসবেন ঈশান কিষান। ঈশান কিষানের প্রেমিকার নাম ফাঁস করে দিয়েছেন তাঁর দাদু অনুরাগ পাণ্ডে। দু’পরিবার তাঁদের সম্পর্ক মেনে নিয়েছে। বিয়ের দিন চূড়ান্ত হওয়া বাকি। অনুরাগ জানিয়েছেন, নাতির আনন্দেই তিনি খুশি।
প্রসঙ্গত, টি–২০ বিশ্বকাপে ব্যস্ত ঈশান। দু’বছর পর জাতীয় দলে ফিরে একের পর এক ম্যাচ জেতাচ্ছেন ভারতকে। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ৭৭ রানের ইনিংস প্রশংসিত হয়েছে। বিশ্বকাপে ভারতের অন্যতম ভরসা ঝাড়খণ্ডের উইকেটরক্ষক–ব্যাটার। তিনি যখন বিশ্বকাপে ব্যস্ত, সে সময়ই তাঁর প্রেমিকার নাম ফাঁস করে দিয়েছেন অনুরাগ।
এক সাক্ষাৎকারে ঈশানের দাদু বলেছেন, ‘ঈশান কাকে এবং কবে বিয়ে করতে চায় আমরা জানি। ঈশান যাকে খুশি বিয়ে করুক। আমাদের আপত্তি নেই। আমাদের ছেলের খুশিতেই আমাদের খুশি।’ তিনি আরও বলেছেন, ‘‘ঈশানের দাদাও নিজে পছন্দ করে বিয়ে করেছে। আমরা মেনে নিয়েছি। ঈশানের ক্ষেত্রেও আমাদের মেনে নিয়ে সমস্যা নেই। ঈশানের বান্ধবীর নাম অদিতি। ও একজন মডেল।’
