আজকাল ওয়েবডেস্ক:‌ ভারতের কাছে একদম লজ্জার হার। ভক্তদের ধিক্কার জুটছে। পাকভূমে টিভি ভাঙার আওয়াজ। এর মধ্যে আরেক সমস্যা! পাকিস্তানি ক্রিকেটারদের উপর রেগে লাল পাক বোর্ডের প্রধান মহসিন নকভি। ম্যাচ শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান তিনি। তারপর বাবর–আফ্রিদিদের পারফরম্যান্স নিয়ে ক্ষোভ উগরে দেন।


টি–২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে ৬১ রানে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়েছে মেন ইন ব্লু। প্রথমে ব্যাট করে ঈশান কিষানরা তোলেন ১৭৫ রান। জবাবে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১১৪ রানে। এশিয়া কাপে তিনবার হারের পর বিশ্বকাপেও লজ্জার হার। তাও আবার ৬১ রানে। যা দেখে নকভি বেরিয়ে যান। এবার জানা গিয়েছে, পাক বোর্ডের এক কর্মকর্তাকে দিয়ে টিম ম্যানেজার নাভেদ আক্রম চিমাকে বার্তা পাঠিয়েছেন নকভি। সেখানে বলেছেন, ‘গুরুত্বপূর্ণ ম্যাচে এই ধরনের পারফরম্যান্স কেন হল? এটা একেবারেই মেনে নেওয়া যায় না।’


এটা ঘটনা, নকভি তো শুধু পাক বোর্ডের প্রধান নন, তিনি পাকিস্তানের মন্ত্রীও। ফলে তাঁর প্রতিটি পদক্ষেপের সঙ্গে রাজনীতি জড়িয়ে থাকে। যার প্রভাব পড়েছিল এশিয়া কাপে। এমনকী টি–২০ বিশ্বকাপের আগে অযথা বয়কট নাটক করেছেন নকভি। এতে বরং চাপে পড়েছেন সলমন আলি আঘাদের উপর। 


অনেকেই বলছেন, পাক–ক্রিকেটের বর্তমান দুরবস্থার জন্য দায়ী নকভির ‘ইগো’। তাই হার সহ্য করতে না পেরে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। খেলা চলাকালীন পাকিস্তানের সপ্তম উইকেটের পতন ঘটতেই ভিআইপি বক্স থেকে বেরিয়ে যান পাক বোর্ডের প্রধান। কিছুক্ষণ পরই স্টেডিয়াম থেকে কার্যত পালিয়ে যেতে দেখা যায় তাঁকে। স্টেডিয়াম থেকে বেরিয়ে যেতে দেখা যায় তাঁর গাড়ি।