আজকাল ওয়েব ডেস্ক: সবে ভরপেট খেয়েছেন। ঘড়ির কাঁটা খানিকটা এগোতে না এগোতেই ফের খিদে পেয়ে গেল। দিনে-রাতে যে কোনও সময়েই পেট ভরে খাওয়ার কিছুক্ষণের মধ্যে যেন পেট চুঁই চুঁই করতে থাকে। কেউ বলে চোখের খিদে, কেউ বা বলে মনের। কারণ যাই হোক না কেন, পেট ভরে খাওয়ার পরও খিদে পাওয়া যে মোটেই স্বাভাবিক নয়। বিশেষ করে চোখের সামনে কাউকে খেতে দেখলে যেন খিদে আরও বেড়ে যায়। কিন্তু কেনই বা এমন হয় জানেন? আসুন সেই বিষয়েই জেনে নেওয়া যাক-
১. আপনি যা খাচ্ছেন তাতে হয়েতো সন্তুষ্টি হচ্ছে না। শারীরিক তো বটেই, এমনকী খাওয়ার ক্ষেত্রে মানসিক সন্তুষ্টিও খুব জরুরি। আসলে ওজন কমানোর সময়ে অনেকেই কড়া ডায়েট মানতে গিয়ে অনেক খাবার বাদ দিয়ে দেন। তাতে যেমন শরীর ঠিক মতো পুষ্টি যায় না, তেমনই মনেরও তৃপ্তি হয় না।
২. প্রত্যেক মানুষের বয়স ও ওজন অনুযায়ী শরীরে নির্দিষ্ট ক্যালোরির খাবারের প্রয়োজন রয়েছে। কিন্তু মেদ ঝরানোর কারণে অনেকেই সেই নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম খান। ফলে পেট ভরে খাওয়ার খানিকক্ষণের মধ্যে খিদে পেয়ে যায়।
৩. একই রকম খাবার বার বার খেলেও সামান্য সময়ের মধ্যে খিদে পেতে পারে। আসলে সেক্ষেত্রে খাবারের একঘেয়েমি থেকে এই সমস্যা দেখা যায়।
৪. জল খাওয়া শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু জানেন কি জল খেলেও আপনার তাড়াতাড়ি খিদে পেয়ে যেতে পারে৷ কারণ জল দ্রুত খাবার হজম করিয়ে দেয়।
৫.সঠিক জীবনযাপন না থাকলে পেট ভরে খাওয়ার পরও খিদে পেয়ে যেতে পারে। সেক্ষেত্রে প্রয়োজন পর্যাপ্ত ঘুম, নিয়মিত শরীরচর্চা করা। শরীরে হরমোনের ভারসাম্য না থাকলেও বারে বারে খিদে পেতে পারে।
















