গরমের দিনে শসার চাহিদা সবচেয়ে বেশি থাকে। শরীর ঠান্ডা রাখা, জলের ঘাটতি পূরণ করা এবং স্বাস্থ্য ভাল রাখতে শসা খুবই উপকারী। অনেকেই প্রতিদিন স্যালাডে শসা খান। কিন্তু অনেক সময় শসা কেটে দেখা যায় সেটি তেতো। যা খেতে যেমন খারাপ লাগে, তেমনই পুরো খাবারের স্বাদও নষ্ট করে দেয়। তবে কিছু সহজ লক্ষণ দেখে আগেই বোঝা যায় কোন শসা ভাল আর কোনটি তেতো হওয়ার আশঙ্কা বেশি।

১. শসার রং খেয়াল করুনঃ ভাল শসার রং সাধারণত গাঢ় সবুজ এবং পুরো শরীরজুড়ে প্রায় একই রকম হয়। যদি শসার গায়ে হলুদ বা ফ্যাকাশে দাগ দেখা যায়, তাহলে বুঝতে হবে সেটি বেশি পেকে গিয়েছে বা টাটকা নয়। এমন শসা অনেক সময় তেতো হতে পারে।

২. খুব বড় শসা কিনবেন নাঃ অনেকেই ভাবেন বড় শসা মানেই ভাল শসা। কিন্তু বাস্তবে বিষয়টি সবসময় সত্যি নয়। অতিরিক্ত বড় শসা সাধারণত বেশি পাকা হয় এবং এর ভেতরে বীজও বেশি থাকে। এমন শসার স্বাদ অনেক সময় তেতো হয়। তাই মাঝারি আকারের শসা কেনাই ভাল।

৩. হাতে নিয়ে শক্ত কিনা দেখুনঃ শসা কেনার সময় একবার হাতে নিয়ে দেখুন। যদি শসা শক্ত ও টানটান লাগে, তাহলে সেটি সাধারণত টাটকা। কিন্তু নরম, কুঁচকে যাওয়া শসা কিনবেন না। এগুলি পুরনো হওয়ার পাশাপাশি স্বাদেও খারাপ হতে পারে।

৪. আকৃতি সমান কিনা লক্ষ্য করুনঃ খুব বেশি বাঁকা, ফোলা বা অস্বাভাবিক আকৃতির শসা না কেনাই ভাল। সাধারণত সোজা এবং সমান আকৃতির শসা খেতে ভাল হয়। অনেক সময় গাছের বৃদ্ধি ঠিকমতো না হলে শসার আকৃতি অস্বাভাবিক হয় এবং স্বাদেও সমস্যা দেখা দিতে পারে।

৫. গন্ধ পরীক্ষা করুনঃ টাটকা শসার গন্ধ হালকা ও সতেজ হয়। যদি শসা থেকে অদ্ভুত বা তীব্র গন্ধ আসে, তাহলে সেটি না কেনাই ভাল। এটি শসা নষ্ট হতে শুরু করার লক্ষণ হতে পারে।

কেন শসা তেতো হয়? শসার মধ্যে প্রাকৃতিকভাবে কুকারবিটাসিন নামে একটি উপাদান থাকে। গাছে পর্যাপ্ত জল না পেলে, অতিরিক্ত গরমে বা অন্য কোনও পরিবেশগত চাপের কারণে এই উপাদানের পরিমাণ বেড়ে যায়। তখন শসা তেতো হয়ে যেতে পারে।

তেতো শসা হলে কী করবেন? যদি ভুল করে তেতো শসা কিনে ফেলেন, তাহলে শসার দুই প্রান্ত কেটে ঘষে নিতে পারেন। অনেকেই খোসা ছাড়িয়ে বা সামান্য নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপর খান। এতে কিছুটা তেতোভাব কমতে পারে।

সবমিলিয়ে, বাজার থেকে শসা কেনার সময় কয়েকটি ছোট বিষয় খেয়াল রাখলেই তেতো শসা এড়ানো সম্ভব। রং, আকার, গন্ধ এবং শক্তভাব পরীক্ষা করে কিনলে ঘরে ফিরে আর হতাশ হতে হবে না। প্রতিবারই পাবেন টাটকা ও সুস্বাদু শসা।