আজকাল ওয়েবডেস্কঃ শীতের শুরু হলেও রাস্তায় বেরলেই রোদের তেজ কিছুটা হলেও মালুম হচ্ছে। এখনও বেশিরভাগ মহিলারাই নিজের সুতির নরম কাপড়ে আচ্ছাদিত করেই বাইরে বেরোচ্ছেন। হাতে পায়ের ট্যান সারাবছরই কম বেশি থাকে। বিউটি পার্লারে গিয়ে কতই বা আর টাকা আর সময় খরচা করবেন। ঘরোয়া টোটকাতেই হাত-পায়ের ট্যান তুলে ফেলতে পারবেন। এক কথায় ঘরে বসেই খুব সস্তার কিছু জিনিস দিয়েই মাস্ক তৈরি করতে পারবেন। জেনে নিন কীভাবে তৈরি করবেন।
একটি বাটিতে অর্ধেক লেবুর রস নিংড়ে দিন। সঙ্গে একে একে চালের গুঁড়ো, এক চামচ করে টকদই ও কফি পাউডার দিয়ে দিন। ভাল মতো মিশিয়ে পেস্ট তৈরি করুন। হাত পায়ের ট্যানের জায়গায় লাগিয়ে আধঘন্টা রেখে দিন। শুকিয়ে গেলে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। হাত ও পায়ের পাতায় জেদি ট্যান তুলতে এর থেকে ভাল টোটকা আর হতে পারে না।
মেচেতা, কালো দাগ তুলতে এই ফেসপ্যাকের জুড়ি মেলা ভার। তিনটি উপাদান একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে প্রায়দিনই ব্যবহার করতে পারেন। এতে ত্বকের জেল্লা ফিরবে খুব তাড়াতাড়ি। তবে লেবুর রস থেকে যদি জ্বালা করে বা অ্যালার্জির সমস্যা হয় তাহলে একবার অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। কফির মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে। কফি ট্যান দূর করার পাশাপাশি আপনার ত্বককে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। কফির মধ্যে ক্লোরোজেনিক অ্যাসিড রয়েছে, যা অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টি-ব্যাক্টেরিল উপাদান হিসেবে কাজ করে। এতে ত্বককে ফ্রি র্যাডিকেল, বলিরেখা, দাগছোপ থেকে দূরে রাখা যায়।
















