আজকাল ওয়েবডেস্কঃ শরীরকে বিভিন্ন রোগের হাত রক্ষা করতে পুষ্টির প্রয়োজন । প্রোটিন, ভিটামিন, আয়রন ইত্যাদির মতো এই পুষ্টির অনেক ধরণ রয়েছে। এই সমস্ত পুষ্টি উপাদানগুলি বিভিন্ন পরিমাণে শরীরের জন্য প্রয়োজনীয় ৷ যার ঘাটতি স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। রোজের পুষ্টির ঘাটতি মেটাতে অনেকে মাল্টিভিটামিন ট্যাবলেট খান। তবে জানেন কি এমন একটি পানীয় রয়েছে যা শরীরের সমস্ত পুষ্টির জোগান দেয়। নিয়মিত সেই পানীয়তে চুমুক দিলেই সুস্থ থাকে শরীর। চনমনে থাকে মনও। তাহলে জেনে নিন কীভাবে বানাবেন সেই পানীয়-

পাঁচটি কাজুবাদাম ও আমন্ড বাদাম একটি বাটিতে নিন। সঙ্গে দিন এক চামচ কুমড়োর বীজ। সব উপকরণগুলো এক সঙ্গে ভিজিয়ে রাখুন সারারাত। অন্য একটি বাটিতে দুটি খেজুর ভিজিয়ে দিন। পরেরদিন সকালে ভেজানো সমস্ত বাদাম ব্লেন্ডারে দিন। সঙ্গে বাদাম ভেজানো জলও দিতে হবে। ভিজিয়ে রাখা খেজুরের বীজ ফেলে দিয়ে ভেজানো জল সমেত ব্লেন্ডারে দিয়ে দিন। একটি গোটা কলা, দু'চামচ গুড় দিন। পরিমাণ ও স্বাদ বৃদ্ধি করতে এক গ্লাস জল বা দুধ দিন। ভাল মতো ব্লেন্ড করে নিন। খাওয়ার সময় উপরে ছড়িয়ে দিন কিছু বাদাম কুচি। ব্রেকফাস্টে এই পানীয় খেলে আপনার হার্টের স্বাস্থ্য থেকে শুরু করে অনেক কিছু রোগ থেকেই আপনি রেহাই পাবেন।

কুমড়োর বীজে রয়েছে প্রোটিন, ফাইবার, ম্যাঙ্গানিজ, কপার, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, আয়রন, ফোলেট, রাইবোফ্লাভিন ইত্যাদি উপাদান। কুমড়োর বীজে রয়েছে ট্রিপটোফ্যান। যা ক্রনিক ইনসোমনিয়া থেকে বাঁচাতে পারে। তাই অনিদ্রার সমস্যায় ভুগলে এই বীজ ডায়েটে রাখুন। নিয়মিত ভেজানো আমন্ড খেলে অনায়াসে সুগারকে নিয়ন্ত্রণ করতে পারবেন।