আজকাল ওয়েবডেস্ক: কথায় আছে মাছে-ভাতে বাঙালি। বঙ্গরসনায় নিদেনপক্ষে একটুকরো মাছ হলেই একথালা ভাত উঠে যায়। ইলিশ, চিংড়ি তো বটেই, পুঁটি, মৌরলা, পোনা, আড় সহ এমন কোনও মাছ নেই যাতে বাঙালি মজে না। যদিও এখন শুধু বাঙালিরাই নন, দেশের অধিকাংশ মানুষই চেটেপুটে খান মাছের বিভিন্ন পদ। তবে মাছ খেলেই তো হল না, বেছে কেনা প্রয়োজন টাটকা মাছ। এক্ষেত্রে বাজারের অভিজ্ঞতা খানিকটা সাহায্য করে বটে! তবে তাতেও অনেক সময়ে ঠকে যেতে হয়। তাহলে কেনার সময়ে কীভাবে টাটকা মাছ চিনবেন, জেনে নিন সহজ উপায়- 

১. চাপ পরীক্ষা- কেনার আগে মাছের গায়ে আলতো করে চাপ দিন। মাছ টাটকা হলে গা হবে নরম এবং চাপ দেওয়ার পর মাছের শরীর তার আগের অবস্থায় ফিরে আসবে। তবে যদি চাপলে গর্ত থেকে যায় এববং মাছ নরম হল তাহলে সেটি বাসি মাছ হতে পারে। 

২. চোখ দেখে বুঝুন- যে কোনও টাটকা মাছের চোখ উজ্জ্বল, স্বচ্ছ ও চকচকে হয়। তাই মাছের চোখ ধূসর বা ফ্যাকাশে দেখালে সেটি টাটকা মাছ নয়। 

৩. ফুলকো পরীক্ষা- টাটকা মাছের ফুলকো লাল বা গোলাপি রঙের হয়। অন্যদিকে, ধূসর, বাদামি বা কালচে রঙের হতে পারে বাসির মাছের ফুলকো। সঙ্গে টাটকা মাছে কোনও পিচ্ছিল আঠাঁলো পদার্থ থাকে না। তাই মাছ কেনার সময় ফুলকোর এই বিষয়গুলি পরীক্ষা করে নিন। 

৪. শরীর দেখুন- টাটকা মাছের শরীর শক্ত ও টানটান থাকে। বহুবার সেই মাছ হাতে নিলেও শরীরে শক্তভাব যায় না। আর বাসি মাছ সহজেই নরম হয়। বেশিবার গায়ে হাত দিলেই বেঁকে যায়। একইসঙ্গে টাটকা মাছের ত্বক হয় চকচকে। যদি দেখেন মাছ উজ্জ্বল দেখাচ্ছে না তাহলে সেটি না কেনাই উচিত।

৫. গন্ধ পরীক্ষা- টাটকা মাছে লবণাক্ত বা সমুদ্রের জলের মতো গন্ধ থাকে। অন্যদিকে, অতিরিক্ত আঁশটে দুর্গন্ধ বেরোলে বুঝবেন সেটি বাসি মাছ।